শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটিকে কেন্দ্র করে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। সোমবার বিকেল থেকে ঢাকার বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে যাত্রীদের বাড়তি ভিড় দেখা গেছে।
দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবরের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত টানা পাঁচ দিনের অবকাশ তৈরি হয়েছে। এ সুযোগে অনেকেই আগেভাগে গ্রামের বাড়ি ও আত্মীয়স্বজনের কাছে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। ফলে ছুটি শুরুর আগেই রাজধানীর বিভিন্ন গণপরিবহনকেন্দ্রে যাত্রীদের আনাগোনা বেড়েছে।
সোমবার সন্ধ্যায় সদরঘাট লঞ্চ টার্মিনালে অন্যান্য দিনের তুলনায় বেশি যাত্রী দেখা যায়। বরিশালসহ দক্ষিণাঞ্চলগামী লঞ্চের যাত্রীদের মধ্যে ছিল বাড়ি ফেরার তাড়া। কর্মসূত্রে ঢাকায় থাকা অনেকে ছুটি পেয়ে পরিবারের সঙ্গে পূজার সময় কাটাতে গ্রামের বাড়িতে ফিরছেন।
আরামবাগে কুমিল্লাগামী তিশা প্লাস বাস কাউন্টারেও যাত্রীদের বাড়তি চাপ দেখা গেছে। কাউন্টারে কর্মরত এক ব্যক্তি বলেন, অন্যান্য দিনের তুলনায় সোমবার যাত্রীর চাপ অনেক বেশি ছিল। দুর্গাপূজা উপলক্ষে বাড়ি ফেরা মানুষের যাতায়াত বেড়েছে। তবে বাড়তি চাপ থাকলেও আগের ভাড়াই নেওয়া হচ্ছে।
কমলাপুর রেলস্টেশনেও যাত্রীদের বাড়তি উপস্থিতি লক্ষ করা গেছে। অনেকে পরিবারের সদস্য ও শিশুদের নিয়ে ট্রেন ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। দীর্ঘ ছুটির সুযোগ কাজে লাগিয়ে অনেকে আগেভাগেই ঢাকা ছাড়ছেন, যাতে পূজার দিনগুলো স্বজনদের সঙ্গে কাটাতে পারেন।
সনাতন ধর্মাবলম্বীদের কাছে শারদীয় দুর্গাপূজা ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি পরিবারের সবাইকে নিয়ে আনন্দ ভাগাভাগি ও আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করারও উপলক্ষ। কর্মসূত্রে রাজধানীতে থাকা অনেকেই বছরজুড়ে এমন ছুটির অপেক্ষায় থাকেন।
যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ সোমবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায়নি। তবে ছুটিকে কেন্দ্র করে যাত্রীর চাপ বাড়ায় গণপরিবহনে যাতায়াতের ক্ষেত্রে আগাম প্রস্তুতি নেওয়ার গুরুত্ব রয়েছে।
বিআলো/শিলি