সংযুক্ত আরব আমিরাতে চলমান ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে ১৫৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করার পাশাপাশি বাংলাদেশের সামনেও খুলে গেছে ফাইনালে যাওয়ার সম্ভাবনা।
বাংলাদেশের ফাইনালের শর্ত ছিল জিম্বাবুয়েকে ১৯৪ রানের মধ্যে অলআউট করার পর শেষ ম্যাচে আফগানিস্তানকে হারাতে পারলে ফাইনালে জায়গা করে নেবে বাংলাদেশ। একধাপ এগিয়ে গেল টাইগাররা।
আবুধাবিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৯৪ রানে অলআউট হয় আফগানিস্তান। দলের হয়ে সেঞ্চুরি করেন সেদিকউল্লাহ অটল।
১১০ বলে ৮টি চার ও একটি ছক্কায় ১০২ রান করেন এই ওপেনার। সেঞ্চুরির কাছাকাছি গিয়ে আউট হন ইব্রাহিম জাদরান।
৯৬ বলে ৯টি চার ও দুটি ছক্কায় ৯০ রান করেন তিনি। এ ছাড়া রহমানউল্লাহ গুরবাজ ২৫ ও হাশমতউল্লাহ শাহিদি করেন ২৮ রান।
জিম্বাবুয়ের হয়ে ব্র্যাড ইভান্স ও আর্নেস্ট মাসুকু তিনটি করে উইকেট নেন। ব্লেসিং মুজারাবানি শিকার করেন দুটি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে আফগান বোলারদের সামনে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। ৩৮.৪ ওভারে মাত্র ১৩৬ রানে গুটিয়ে যায় দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন অধিনায়ক সিকান্দার রাজস। ফলে ১৫৮ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তান।
এই ফল বাংলাদেশের ফাইনালে ওঠার হিসাবেও গুরুত্বপূর্ণ। জিম্বাবুয়েকে ১৯৪ রানের মধ্যে আটকে দেওয়ার শর্ত পূরণ হওয়ায় এখন শেষ ম্যাচে আফগানিস্তানকে হারাতে পারলেই ফাইনালে ওঠার সুযোগ পাবে বাংলাদেশ। অর্থাৎ, আফগানিস্তানের বড় জয় বাংলাদেশের সামনে ফাইনালে যাওয়ার সমীকরণটি বাঁচিয়ে রেখেছে।
The post বাংলাদেশের সামনে ফাইনালের সমীকরণ সহজ করল আফগানিস্তান appeared first on Ctgtimes.com.
