খুলনা গেজেট অক্টোবর ১১, ২০২৬ ১১:৩৬ অপরাহ্ণ
খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে সর্বমোট ১৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৫ অক্টোবর থেকে শুরু হওয়া এই অভিযান ও তৎপরতা এখনো অব্যাহত রয়েছে।
রবিবার (১১ অক্টোবর) পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১৯১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা এবং অস্ত্র আইনে ১টি মামলা রুজু করা হয়েছে। অভিযানকালে ১ কেজি ৮৬৫ গ্রাম গাঁজা, ২০ লিটার মদ ও ৬৫৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া, ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারসহ অপরাধীদের আইনের আওতায় আনতে খুলনা জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
খুলনা গেজেট/এএজে
