প্রকাশিত: ০৮:৫৬, ১৫ অক্টোবর ২০২৬ আপডেট: ০৯:০৫, ১৫ অক্টোবর ২০২৬
বুধবার (১৫ অক্টোবর) ইন্ডিয়া জোটের এক প্রেস ব্রিফিংয়ে এনএসইউআই-এর ছাত্রী ঋতু বারালাকে ‘বাঘিনী’ বলে প্রশংসা করেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী
ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী এনএসইউআই-এর ছাত্রী ঋতু বারালাকে ‘ইয়ে শেরনি হ্যায়’ অর্থাৎ ‘বাঘিনী’ বলে প্রশংসা করেছেন।
বুধবার (১৫ অক্টোবর) ইন্ডিয়া জোটের আন্দোলন পরবর্তী এক প্রেস ব্রিফিংয়ে রাহুল গান্ধী ঋতু বারালাকে সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তার সাহসিকতার কথা তুলে ধরেন।
তিনি বলেন, “আপনাদের সঙ্গে আমাদের শেরনির পরিচয় করিয়ে দিতে চাই..। ইয়ে শেরনি হ্যায় (এই মেয়ে বাঘিনির মতো সাহসী)।”
যুব নেতানেত্রীদের পাশে নিয়ে সাংবাদিক বৈঠকে তাদের ওপরে দিল্লি পুলিশের বেধড়ক মারধর চালানোর অভিযোগ সামনে আনেন রাহুল গান্ধী। বললেন, ‘“ওকে মেরেছে, তা-ও ওর মনে কোনো ঘৃণা নেই, ও ভয় পায় না৷।”
সাংবাদিক বৈঠকে ঋতু বারালা অভিযোগ করেন, আন্দোলনের সময় তাকে আটক করার পর তার ওপর পুলিশি অত্যাচার চালানো হয়েছে। তার দাবি, পুলিশ তাকে বেধড়ক মারধর করে এবং দুই পায়ের প্রতিটিতে ১০ বার করে লাঠি দিয়ে আঘাত করে, যার ফলে তার পা নীল হয়ে গেছে।
ঋতু আরো জানান, পুলিশকে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, আগামী আন্দোলনে আবার তাঁদের মুখোমুখি হবেন তিনি।
ওই একই বৈঠকে কেরালার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আথিরা নামের আরো এক যুবনেত্রীর ওপর চলা পুলিশি বর্বরতার কথাও সামনে আনা হয়, যার কানের শ্রবণশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
