ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
২২ অক্টোবর বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নির্ধারিত নতুন দাম এদিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, খাঁটি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে মূল্য সমন্বয় করা হয়েছে। এর আগে গত ১৩ অক্টোবর স্বর্ণের দাম এক দফা কমিয়েছিল সংগঠনটি।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা কমিয়ে ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তবে অলংকারের নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি আলাদাভাবে যুক্ত হবে।
এদিকে স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রূপার দামও। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ৪ হাজার ২৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রূপা ৩ হাজার ৮৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০৮ টাকা।
এটিভি/এসআইআর
