সাজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের জেরে রাঙামাটি-খাগড়াছড়ি জেলায় সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করছে ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’।
আজ শনিবার (২৪ অক্টোবর) ভোর ৫টা থেকে এই কর্মসূচি চলছে। যা দুপুর ১২টা পর্যন্ত পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
ভোরে খাগড়াছড়ি শহরের খাগড়াছড়ি-ঢাকা সড়কের দক্ষিণ খবংপুড়িয়া এলাকায় এবং খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের ধর্মঘর এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তায় পিকেটিং করে। এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা কয়েকটি নৈশ কোচ শহরে প্রবেশ করলেও জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। গাড়ি চলাচল বন্ধ থাকায় অনেকে আটকা পড়েছেন।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জনসংহতি সমিতির সশস্ত্র সদস্যদের সাজেক থেকে সরিয়ে নেওয়ার দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ সড়ক অবরোধে হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
সাজেকবাসীর ন্যায্য দাবির সমর্থনে অবরোধ সফল করতে গতকাল শুক্রবার রাতে জেলা শহরে মিছিল করেছে পাহাড়ি ছাত্ররা।
রাঙামাটির দীঘিনালা-সাজেক সড়কে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের ডাকে অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।
অবরোধ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে সেনাবাহিনী ও পুলিশ টহল দিচ্ছে।
সাজেক ও আশপাশ এলাকার জনজীবন স্বাভাবিক রাখতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির টহল বাড়ানো হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে , অবরোধকে কেন্দ্র করে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে।
