সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ২৪ বাংলাদেশির মধ্যে একজন কুমিল্লার দাউদ উল ইসলাম। তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদে রিয়াদ ন্যাশনাল গার্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) আহত দাউদ উল ইসলামের ভাতিজা মো. জুনায়েদ ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছেন।
আহত দাউদ উল ইসলাম (২৭) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বদরপুর এলাকার মাওলানা মহিব উল্যাহর ছেলে। তিনি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত নাসরুল্লাহ বদরের আপন চাচাতো ভাই।
দাউদ উল ইসলামের পরিবার জানায়, গত শনিবার (১০ অক্টোবর) ওমরাহ পালনের উদ্দেশ্যে তিনি বাংলাদেশ থেকে সৌদি আরবে যান। সেখানকার রাজধানী রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে দুই ঘণ্টার ট্রানজিট শেষে মক্কার উদ্দেশে যাওয়ার জন্য প্রস্তুত হন। এসময় হঠাৎ ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানে বিমানবন্দরটিতে। এতে ১২ জন নিহত এবং ৩শ এর অধিক আহত হন। নিহতদের মধ্যে ২ জন এবং আহতদের মধ্যে ২৪ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
হামলায় আহত দাউদ উল ইসলাম রাজধানীর কামরাঙ্গীরচর জামিয়া আরাবিয়া রবিউল উলুম মাদরাসার সহকারী শিক্ষক হিসবে কর্মরত ছিলেন। তিনি ৪-৫ মাস আগে বিয়ে করেছিলেন। পার্শ্ববর্তী মন্নারা গ্রামে বিয়ে করেন দাউদ। ৬ ভাইবোনের মধ্যে দাউদ সবার ছোট।
দাউদের ভাতিজা জুনায়েদ বলেন, ক্ষেপণাস্ত্র হামলায় আহত হওয়ার পর আমার কাকাকে রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কপালে ও পায়ে আঘাত পেয়েছেন। তার পায়ে অপারেশন হওয়ার কথা রয়েছে। পরিবারের পক্ষ থেকে তার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চাই আমরা।
আরিফ আজগর/এসএইচএ
