আজকাল ওয়েবডেস্ক: ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ লিও চতুর্দশের ফুসফুসে ক্যানসারজনিত টিউমার ধরা পড়েছে। মঙ্গলবার, ১৩ অক্টোবর, রোমের জেমেলি হাসপাতালে তাঁর ডান ফুসফুসের নীচের অংশ অস্ত্রোপচার করে বাদ দেওয়া হয়েছে। ভ্যাটিকানের তরফে জানানো হয়েছে, প্রায় ৯০ মিনিট ধরে অস্ত্রোপচার চলেছে। কোনও জটিলতাও দেখা যায়নি। অস্ত্রোপচারের পর জ্ঞান ফিরেছে ৭১ বছর বয়সি পোপের।
ভ্যাটিকানের বিবৃতি অনুযায়ী, অস্ত্রোপচারের পর ফুসফুসের টিস্যু পরীক্ষা করে পালমোনারি অ্যাডেনোকার্সিনোমা-র উপস্থিতি নিশ্চিত হয়েছে। এটি ফুসফুসের এক ধরনের ক্যানসার। অস্ত্রোপচারের আগে করা পরীক্ষাতেই চিকিৎসকদের এই রোগের সন্দেহ হয়েছিল। টিউমারটি সম্পূর্ণ বাদ দিতে পোপের ডান ফুসফুসের নীচের অংশটি বাদ দেওয়া হয়েছে। তবে ক্যানসার শরীরের অন্য কোথাও ছড়িয়েছে কি না, তা জানতে আরও পরীক্ষা করা হচ্ছে।
মঙ্গলবার রোমের জেমেলি হাসপাতালে ভর্তি করা হয় পোপ লিওকে। প্রায় তিন ঘণ্টা ধরে অপারেশন থিয়েটারে ছিলেন তিনি। তার মধ্যে অস্ত্রোপচার চলে প্রায় দেড় ঘণ্টা। ভ্যাটিকান সূত্রে খবর, অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। জ্ঞান ফেরার পর খাবারও চেয়েছিলেন তিনি।
চিকিৎসকদের পরামর্শে আপাতত হাসপাতালেই থাকতে হবে পোপকে। আগামী ২০ অক্টোবর পর্যন্ত তাঁর নির্ধারিত জনসংযোগ ও সাক্ষাৎ-পর্ব বাতিল করা হয়েছে। চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন।
রবিবার সেন্ট পিটার্স স্কোয়ারে প্রার্থনার পর নিজেই অস্ত্রোপচারের কথা জানিয়েছিলেন পোপ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় তাঁর ফুসফুসে একটি ছোট নডিউল বা অস্বাভাবিক টিস্যুর উপস্থিতি ধরা পড়ে। পোপ জানিয়েছিলেন, চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন এবং সেই পরামর্শ মেনেই তিনি চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিয়েছেন।
পোপের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়েছে ক্যাথলিক সম্প্রদায়ের মধ্যে। রোমের জেমেলি হাসপাতালের প্রার্থনাকক্ষে তাঁর দ্রুত আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। রোমের বিভিন্ন গির্জাকেও প্রার্থনায় যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আগামী ৬ থেকে ১৭ নভেম্বর দক্ষিণ আমেরিকা সফরে যাওয়ার কথা পোপ লিওর। উরুগুয়ে, আর্জেন্টিনা ও পেরুতে যাওয়ার কথা ছিল তাঁর। অস্ত্রোপচারের পর তাঁর সুস্থ হতে কত দিন সময় লাগে, তার পরেই ফের সফরসূচি তৈরি করা হবে।
