নিখোঁজ হওয়ার প্রায় ২৭ ঘণ্টা পর তার লাশ পাওয়া গেল।
Published : 22 Oct 2026, 09:38 PM
Updated : 22 Oct 2026, 09:37 PM
কক্সবাজারের হিমছড়ি সৈকতে সাগরে গোসলে নেমে নিখোঁজ হওয়া আরেক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।
এস এম নাফিসুর রহমান নিবিড় নামে ওই পর্যটকের লাশ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কলাতলি সৈকতের ভাঙার মোড়ের এক্সোটিকা সাম্পান সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয় বলে রামু থানার ওসি এ কে ফজলুল হক জানান।
তিনি বলেন, স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে সৈকতের কর্মী ও লাইফগার্ড সদস্যদের খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নিখোঁজ হওয়ার প্রায় ২৭ ঘণ্টা পর তার লাশ পাওয়া গেল।
বুধবার বিকালে হিমছড়ি জাদুঘরসংলগ্ন সৈকতে সাগরে গোসলে নামার পর প্রবল স্রোতে ভেসে যান কয়েকজন পর্যটক। তিনজনের লাশ ওই দিনই উদ্ধার করা হয়। তারা হলেন- সাইবুল হক জিসান, আল মাহিবুল ইবনে মোকারম রোহান এবং আকাশ।
বৃহস্পতিবার সকালে হিমছড়ির সাগর নিবাস এলাকা থেকে মো. হারুন নামে আরেক পর্যটকের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ঢাকার উত্তরার সাত তরুণের একটি দল এবং চট্টগ্রামের বায়েজিদ এলাকার পাঁচ তরুণের আরেকটি দল ওই সময় সৈকতে ছিল। চট্টগ্রামের দলের এক সদস্যকে পানিতে ডুবে যেতে দেখে তাকে উদ্ধারে এগিয়ে যান অন্যরা। তাদের কেউই সাঁতার জানতেন না। এ সময় প্রবল স্রোতে ভেসে যান পাঁচজন।
