‘আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ!’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নকলা পৌরসভার উদ্যোগে এবং নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (IUGIP) সহযোগিতায় দিনটি উদযাপন করা হয়।
এ উপলক্ষে নকলা পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নকলা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপি নেতা জাহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর উপজেলা ভারপ্রাপ্ত আমীর শরিফুল ইসলাম, আব্দুল করিম হেলথকেয়ার সেন্টারের চিকিৎসক রিফাত হাসান এবং চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক লিটন।
সভায় বক্তারা হাত ধোয়ার নিয়মিত অভ্যাস গড়ে তোলা, স্বাস্থ্যসম্মত জীবনযাপন নিশ্চিত করা এবং নিরাপদ স্যানিটেশন ব্যবস্থার মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে নকলা পৌর নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল হাসান, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) বাবুল হোসেন, হিসাবরক্ষক ফেরদৌসুর রহমান, সহকারী কর আদায়কারী মো. মোশাররফ হোসেন, সুপারভাইজার ফজলে রাব্বী রাজন, সাংবাদিক শফিউল আলম লাভলু, জাহাঙ্গীর হোসেন আহমেদ, শফিউজ্জামান রানা ও আরিফুর রহমানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জেএইচআর
