শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার শরিফুল হক। পুলিশ জানায়, গ্রেপ্তার আবু ছায়রা ওরফে খালেদ ওরফে রাশেদের স্থায়ী ঠিকানা নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নে। বর্তমানে তিনি কর্মসূত্রে বগুড়ায় অস্থায়ীভাবে বসবাস করছিলেন।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে হোয়াটসঅ্যাপ, বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি, সরকারি চাকরিজীবী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতেন বলে অভিযোগ রয়েছে। এ সময় তিনি নিজেকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিউর রহমান রুমনের অফিস স্টাফ পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়া এবং বিএনপির রাজনৈতিক পদে মনোনয়নের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিতেন।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৯ অক্টোবর বিকেল ৩টা ১১ মিনিটে এক ভুক্তভোগীর মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করেন অভিযুক্ত ব্যক্তি। বিএনপির মনোনীত রাজনৈতিক পদে পদায়নের জন্য ফরম পূরণের কথা বলে তাঁর কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ রয়েছে। এ ছাড়া ব্যারিস্টার নাসিরউদ্দিনের কাছ থেকেও একই কৌশলে টাকা দাবি করার তথ্য পেয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, আবু ছায়রা ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিংড়া পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ বেতার, রংপুরে রেডিও টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন। সেখানে চাকরিরত অবস্থায় একই ধরনের প্রতারণার মামলায় তিনি সাময়িক বরখাস্ত হয়েছিলেন বলেও পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নাটোর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় সিংড়া থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর বিভিন্ন ধারা এবং দণ্ডবিধির ৪১৯ ও ৪২০ ধারা উল্লেখ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
The post প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের স্টাফ পরিচয়ে প্রতারণার অভিযোগ, নাটোরে গ্রেপ্তার ১ appeared first on ভোরের চেতনা.
