কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের অপতৎপরতা বন্ধে পরিচালিত ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এক রাতেই ৩৫৩ জনকে আটক করেছে জেলা পুলিশ। রোববার সন্ধ্যার পর থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার ১৮টি থানার পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সমন্বিতভাবে এ বিশেষ অভিযান পরিচালনা করে।
বিজ্ঞাপন
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার যেসব এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, সেগুলোকে চিহ্নিত করে এই সাঁড়াশি অভিযান চালানো হয়। বিভিন্ন পয়েন্টে পরিচালিত এ অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি মাঠে থেকে নেতৃত্ব দেন।
পুলিশের দেওয়া তথ্যমতে, বিগত ২০ দিনে সাত দফায় পরিচালিত অভিযানে মোট ২ হাজার ৬৪৫ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে প্রাথমিক তদন্তে বিভিন্ন অপরাধে সম্পৃক্ততা পাওয়া ব্যক্তিদের ইতোমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, আটক ব্যক্তিদের অপরাধে সরাসরি কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা গভীরভাবে যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উঠতি বয়সী কিশোরেরা যাতে কোনোভাবেই অপরাধের পথে পা না বাড়ায়, সে লক্ষ্যেই জেলা পুলিশ এ ধরনের অভিযান অব্যাহত রেখেছে।
তিনি আরও জোর দিয়ে বলেন, অভিযান পরিচালনার ক্ষেত্রে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে। কিশোর অপরাধ নির্মূলে কুমিল্লা জেলা পুলিশ বদ্ধপরিকর।
