মঙ্গোলিয়ার ভয়াবহ দাবানলের ঘটনায় ক্ষমা চেয়েছে জাপানের কেডিডিআই
জাপানি টেলিযোগাযোগ সংস্থা কেডিডিআই চলতি মাসের শুরুতে মঙ্গোলিয়ার একটি সংরক্ষিত প্রাকৃতিক অঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের ঘটনায় ক্ষমা চেয়েছে।
মঙ্গোলিয়ার রাষ্ট্র-পরিচালিত মন্তসামে বার্তা সংস্থা জানিয়েছে যে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ দোরনোদের নুমরুগ কঠোর সুরক্ষিত অঞ্চলে আগুনের সূত্রপাত হয় এবং ৮ই অক্টোবর তা ঘাস থাকা অঞ্চলে ছড়িয়ে পড়ে।
বার্তা সংস্থাটি জানিয়েছে, আগুনে ৫ লাখ ২০ হাজার হেক্টরেরও বেশি এলাকা পুড়ে গেছে, যার মধ্যে সংরক্ষিত এলাকার প্রায় ৮০ শতাংশ অন্তর্ভুক্ত। সংস্থাটি এই এলাকাটিকে মঙ্গোলিয়ার প্রাকৃতিক ভূদৃশ্য, পরিবেশগত ভারসাম্য এবং জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য অত্যাবশ্যক বলে বর্ণনা করেছে।
মন্তসামের ভাষ্যমতে, বাস্তুতন্ত্রের উপর প্রভাবসহ ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করা হবে। এতে আরও বলা হয়েছে যে, মঙ্গোলিয়ার সরকার বুধবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগুনের কারণ ও পরিস্থিতি শনাক্ত করার পাশাপাশি এর পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।
কেডিডিআই জানিয়েছে, তাদের মঙ্গোলিয়া-ভিত্তিক সহযোগী প্রতিষ্ঠান মোবিকম-এর একটি কার্যক্রমের সূত্র ধরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কেডিডিআই আরও বলেছে, এই অগ্নিকাণ্ডের ফলে মঙ্গোলিয়ার প্রাকৃতিক পরিবেশের উপর ব্যাপক প্রভাব পড়ার বিষয়টি তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।