৮২ মিনিট পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ছিল রোমার হাতে। স্কোরলাইন ৩-১। গ্যালারিতে তখন জয়ের অপেক্ষা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে এমন একটি জয় যেন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু প্রতিপক্ষের নাম যখন রিয়াল মাদ্রিদ, তখন শেষ বাঁশির আগে জয় উদ্যাপনের সুযোগ নেই। অলিম্পিক স্টেডিয়ামে আরও একবার সেটিই প্রমাণ করল স্প্যানিশ জায়ান্টরা। শেষ সাত মিনিটে তিন গোল করে রোমার জয় ছিনিয়ে নিয়ে ৪-৩ ব্যবধানের অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে জোসে মরিনিওর দল।
উয়েফা চ্যাম্পিয়নস লিগে পিছিয়ে পড়েও ফিরে আসার গল্প রিয়ালের জন্য নতুন নয়। তবে রোমার বিপক্ষে এই জয় শুধু আরেকটি প্রত্যাবর্তন নয়, গড়েছে ইতিহাসও। টুর্নামেন্টটির ইতিহাসে প্রথম দল হিসেবে চারটি ম্যাচে দুই গোলের ব্যবধানে পিছিয়ে থেকেও জয় পাওয়ার কীর্তি গড়েছে মাদ্রিদের ক্লাবটি। এর আগে ২০০৪ সালে রোমা, ২০২৩ সালে লিভারপুল ও ২০২৪ সালে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষেও এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছিল তারা!
ম্যাচের শুরুতে অবশ্য রিয়ালের জন্য স্বস্তির কিছু ছিল না। নিজেদের মাঠে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রোমা। ২০ মিনিটে মাতিয়াস সুলের পাস থেকে প্রায় ২০ গজ দূর থেকে শটে দলকে এগিয়ে দেন মার্তেন দে রুন। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি স্বাগতিকদের। পাঁচ মিনিট পর কিলিয়ান এমবাপ্পের শট জিয়ানলুকা মানচিনির পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। চ্যাম্পিয়নস লিগে এটি ছিল এমবাপ্পের শততম ম্যাচে ৭২তম গোল।
দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র পাল্টে দেয় রোমা। মাত্র ছয় মিনিটের ব্যবধানে দুটি গোল করে রিয়ালকে বড় বিপদে ফেলে দেন দোনিয়েল মালেন। ভিনিসিয়ুস জুনিয়রের ভুলের সুযোগ কাজে লাগিয়ে প্রথম গোলটি করেন ডাচ ফরোয়ার্ড। এরপর ঠান্ডা মাথায় নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-১ করেন তিনি। প্রথমে অফসাইডের পতাকা উঠলেও ভিএআর পর্যালোচনায় গোলের বৈধতা পায় রোমা।
ম্যাচের তখনো ২০ মিনিটের মতো বাকি। দুই গোলে এগিয়ে থাকা রোমা রক্ষণ সামলাতে মনোযোগী হয়। কোচ গাসপেরিনি একের পর এক পরিবর্তন এনে ব্যবধান ধরে রাখার চেষ্টা করেন। কিন্তু রিয়ালের বিপক্ষে অতিরিক্ত রক্ষণাত্মক হয়ে পড়ার মাশুল দিতে হলো শেষ মুহূর্তে।
রিয়াল কোচ জোসে মরিনিওর বদলির সিদ্ধান্তই শেষ পর্যন্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ৫৯ মিনিটে ভিনিসিয়ুস ও ডামফ্রিজকে তুলে এনদ্রিক ও আরদা গুলেরকে মাঠে নামান তিনি। পরে দিয়ামন্দের জায়গায় নামান কার্লোস এসপিকে। তিন বদলি খেলোয়াড়ই শেষ দিকে রিয়ালের প্রত্যাবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
৮৩ মিনিটে এনদ্রিকের হেড গোলরক্ষক গোলিনি ফিরিয়ে দিলেও ফিরতি বলে জালে বল পাঠান এসপি। ব্যবধান কমে দাঁড়ায় ৩-২। পাঁচ মিনিট আগে মাঠে নামা এই বদলি ফরোয়ার্ডের গোলেই নতুন করে প্রাণ ফিরে পায় রিয়াল। এরপর ৮৮ মিনিটে গুলেরের কর্নার থেকে হেডে গোল করে সমতা ফেরান এনদ্রিক। কয়েক মিনিট আগেও যারা জয়ের উৎসবে মেতেছিলেন, সেই রোমা-সমর্থকদের তখন বিশ্বাস করাই কঠিন হয়ে পড়ে ম্যাচের এমন পরিণতি।
তবে রিয়ালের ক্ষুধা তখনো মেটেনি। ৯০ মিনিটে গুলেরের আরেকটি সেট পিস থেকে কাছ থেকে ভলিতে গোল করে নাটকীয় প্রত্যাবর্তন পূর্ণ করেন আন্তোনিও রুডিগার। ৩-১ থেকে ৪-৩। মাত্র সাত মিনিটের ব্যবধানে তিন গোল। রোমার সাজানো উৎসব মুহূর্তেই পরিণত হয় হতাশায়।
এই ম্যাচে বদলি হিসেবে নেমে সবচেয়ে বেশি আলো কেড়েছেন ব্রাজিলিয়ান তরুণ এনদ্রিক। চলতি মৌসুমে রিয়ালের জার্সিতে এটি ছিল তার দ্বিতীয় ম্যাচ। এর আগে খেলার সুযোগ পেয়েছিলেন মাত্র চার মিনিট। অথচ গুরুত্বপূর্ণ এই ম্যাচে গোল করে দলকে সমতায় ফেরানোর পাশাপাশি সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন তিনি।
ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে এনদ্রিক বলেন, ‘ম্যাচের আবেগ এখনো আমার মধ্যে কাজ করছে। আমি তখন বেঞ্চে বসে ঈশ্বরের সঙ্গে কথা বলছিলাম। পাশে তাকাতেই দেখি নুনো আমাকে ডাকছে। আমি মাঠে নামলাম এবং ঈশ্বরের সঙ্গে কথা চালিয়ে গেলাম। কারণ, ভাবিনি এত কম সময়ে আমাকে নামানো হবে। মাঠে নেমে আমি আমার সবচেয়ে পছন্দের কাজটিই করতে পেরেছি, আর তা হলো ফুটবল খেলা।’
মরিনিও মাঠে নামানোর সময় কী বলেছিলেন, সেই প্রশ্নের উত্তরে এনদ্রিক বলেন, ‘মরিনিওর সঙ্গে কথা বলার সময় তাকিয়ে দেখি (রোমার) ম্যালেন আরেকটি গোল করল। কিন্তু আমরা রিয়াল মাদ্রিদ, আর স্কোর যেমনই হোক না কেন, আমরা ম্যাচে লড়াই করতেই নামি। ৩-১ থেকে আমরা যেভাবে ৪-৩ করলাম, তাতে প্রমাণ হয় যে আমরা লড়াই চালিয়ে যাব।’
ম্যাচের প্রথমার্ধে দলের ব্যর্থতার দায় অবশ্য নিজের কাঁধেই নিয়েছেন মরিনিও। সংবাদ সম্মেলনে রিয়াল কোচ বলেন, ‘প্রথমার্ধের দায় কোচের, দ্বিতীয়ার্ধের দায় খেলোয়াড়দের। ফুটবল ৯০ মিনিটের কৌশলগত খেলা। প্রতিপক্ষের গুরুত্ব আছে, আজ (গতকাল রাত) প্রতিপক্ষ ছিল অবিশ্বাস্য রকমের শক্তিশালী। আমি প্রয়োজন অনুযায়ী বদলি খেলোয়াড় নামিয়েছি। তবে প্রথমার্ধে তারা সত্যিই আমাদের শাস্তি দিয়েছে।’
এদিকে বদলি হয়ে মাঠ ছাড়ার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে মরিনিওর মতে, এমন প্রতিক্রিয়া অস্বাভাবিক নয়। রোমার দ্বিতীয় গোলের সময় বল হারানোর জন্য ভিনিসিয়ুসের ভুলের কথাও উল্লেখ করেন তিনি। মরিনিও বলেন, ‘ভিনির জন্য বিষয়টি কঠিন। ভিনি এমন একটি বল হারিয়েছে, যা তার কোনোভাবেই হারানো উচিত ছিল না (রোমার দ্বিতীয় গোলে)। তবে খেলায় এমনটা হতেই থাকে। আমিও ভুল করি। তার মন খারাপ হতেই পারে। তবে ম্যাচ শেষে সে জয় নিয়ে ভীষণ খুশি ছিল।’
রোমার সমর্থকদের কাছে রাতটি ছিল হতাশার, কিন্তু রিয়ালের জন্য আরেকটি স্মরণীয় প্রত্যাবর্তনের গল্প। মরিনিওকে সম্মান জানিয়ে গ্যালারিতে ব্যানার টানিয়েছিলেন স্বাগতিক সমর্থকেরা। কারণ, ২০২১-২২ মৌসুমে এই রোমাকেই কনফারেন্স লিগ জিতিয়েছিলেন পর্তুগিজ কোচ। পরের মৌসুমে দলকে তুলেছিলেন ইউরোপা লিগের ফাইনালে। অথচ সেই প্রিয় কোচের দলই শেষ পর্যন্ত কেড়ে নিল তাদের জয়। চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদকে শেষ বাঁশির আগে হিসাবের বাইরে রাখার যে সুযোগ নেই, রোমা এবার তা হাড়ে হাড়ে টের পেল!
