উৎপাদন সক্ষমতা, পণ্যের বৈচিত্র্য ও গবেষণা কার্যক্রম দেখে মুগ্ধতা প্রকাশ করেন প্রতিনিধিদলের সদস্যরা।
Published : 13 Oct 2026, 12:14 AM
Updated : 13 Oct 2026, 12:14 AM
গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রধান কার্যালয় ও উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেছে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের (এমইএস) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
সোমবার ওয়ালটনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি এই পরিদর্শনে প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতা, পণ্যের বৈচিত্র্য, প্রযুক্তি এবং গবেষণা ও উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন প্রতিনিধিদলের সদস্যরা।
এমইএসের প্রধান প্রকৌশলী মেজর জেনারেল হাসান উজ জামান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এ সময় এমইএসের ওয়ার্কস ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদলের সদস্যরা লিফট, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, রেফ্রিজারেটর, সৌর প্যানেল, ব্যাটারি, ক্যাবল ও কম্প্রেসরসহ বিভিন্ন বৈদ্যুতিক, ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্যের উৎপাদন প্রক্রিয়া ঘুরে দেখেন।
পরিদর্শনকালে ওয়ালটনের উৎপাদন পরিধি, পণ্যের বৈচিত্র্য ও প্রযুক্তিগত সক্ষমতার প্রশংসা করেন মেজর জেনারেল হাসান উজ জামান। বিশেষ করে প্রতিষ্ঠানটির গবেষণা ও উন্নয়ন কার্যক্রমকে প্রশংসনীয় উল্লেখ করে তিনি এসব সক্ষমতা আরও সম্প্রসারণের প্রত্যাশা জানান।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতাভিত্তিক দীর্ঘমেয়াদি সহযোগিতা গড়ে তোলাকে তারা গুরুত্ব দেন। এমইএসের প্রতিনিধিদলের সফর এবং তাদের মতামত ও পরামর্শ দেশীয় প্রযুক্তিপণ্যের উৎপাদন ও গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সফরে ওয়ালটনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ আলীসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
