বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা-পুলিশের অভিযানে ৬০ হাজার পিস ইয়াবাসহ নুরুল আজিম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, বান্দরবান জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি থানাধীন পুরাতন বাসস্টেশনের সামনে পাকা সড়কে এ অভিযান চালানো হয়। এ সময় আটক নুরুল আজিম (২০) পিতা মুক্তার আহমেদ ও মাতা মমতাজ বেগম। তাঁর বাড়ি কচ্ছপিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোরাকাছা গ্রামে, থানা রামু, জেলা কক্সবাজার।
পুলিশ জানায়, একটি টমটমের (ব্যাটারিচালিত ইজিবাইক) পেছনের অংশে ঢালাই করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ছয়টি কাট থেকে সর্বমোট ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত টমটমটিও জব্দ করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
