আজকাল ওয়েবডেস্ক: শ্রমিক পরিবার। অল্প রোজগারে দিন গুজরান কোনও রকমে। সেই পরিবারে আচমকা আশার আলো। পরিবার স্বপ্ন দেখছে একটু স্বাচ্ছন্দ্যের জীবনের। ওই পরিবারের গৃহিণী সাত টাকা খরচ করেছিলেন কেবল। তাতেই পেলেন একেবারে কোটি টাকা। পাঞ্জাবের ফরিদকোট জেলার কোটকাপুরায় উচ্ছ্বাস। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে তথ্য, সিকিম সরকারের লটারিতে ওই পরিবারটি ১ কোটি টাকা জিতেছে। এই বিপুল অর্থে, পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরবে, সন্তানদের সুরক্ষিত ভবিষ্যৎ নিয়েও আশাবাদী পরিবারটি।
জানা গিয়েছে, কোটকাপুরার রেলওয়ে স্টেশনের কাছে অবস্থিত ‘স্টার লটারি স্টল’ওই টিকিটটি কিনেছিলেন বিমলা দেবী। তাঁর স্বামি একজন শ্রমিক। দড়ি তৈরির কাজ করেন। একদিন সন্ধ্যায় বিমলা দেবী কিছু কেনাকাটা করতে রেলওয়ে রোডে গিয়েছিলেন। সেখানে হঠাৎ তাঁর মনে হয় লটারির টিকিট কেনার কথা। মাত্র সাতটাকা দিয়ে টিকিট কিনেও ফেলেন।
পরদিন সন্ধ্যায় যখন লটারির ফলাফল ঘোষণা করা হয়, তখন তিনি জানতে পারলেন যে তাঁর কেনা টিকিটটি ১ কোটি টাকার পুরস্কার জিতেছে। দোকানদারের কাছ থেকে খবর পাওয়ার পর পরিবারের সদস্যরা লটারির দোকানে যান। জয়ের আনন্দ উদযাপনের জন্য দোকানের মালিক নরেশ মঙ্গা তাঁদের মিষ্টি খাওয়ান আনন্দে তাঁরা ভাঙড়াও করেন।
বিমলা দেবী লটারি জিতে স্থানীয় সংবাদমাধ্যমে নিজের আনন্দ প্রকাশ করেছেন। জানিয়েছেন, এই পুরস্কারের অর্থ তাঁদের পরিবারের আর্থিক সংকট কাটিয়ে উঠতে সাহায্য করবে এবং সন্তানদের জন্য উন্নততর যত্ন ও সুযোগ-সুবিধার ব্যবস্থা করতে সহায়তা করবে। তিনি আরও বলেন, এই টাকা কীভাবে খরচ করা হবে, সে বিষয়ে পরিবার এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। তবে তাঁরা গোটা পরিবার মিলে আলোচনা করবেন। সন্তানদের সুরক্ষার কথা ভেবে ব্যবসার পরিকল্পনা করতে পারেন বলেও জানিয়েছেন।
লটারি স্টলের মালিক নরেশ মঙ্গা জানিয়েছেন, গত ছ'মাস ধরে এই ব্যবসা চালাচ্ছেন এবং সম্প্রতি তাঁর দোকানটি রেল স্টেশনের কাছাকাছি সরিয়ে এনেছেন। তিনি আরও জানান, এর আগেও তাঁর দোকান থেকে বিক্রি হওয়া টিকিটের মাধ্যমে অনেকে লক্ষাধিক টাকার পুরস্কার জিতেছেন। তবে, তাঁর স্টল থেকে ১ কোটি টাকা জেতার ঘটনা এটাই প্রথম।
https://www.youtube.com/watch?v=JwFdq_tA9cE
