Published on
:
1 min read
শিশুদের ওষুধের নাম করে দেদার বিক্রি পশুদের ওষুধ। হ্যাঁ, এমনই অভিযোগ পেয়ে বুধবার সুরাটের গোপীপুরা এলাকায় ওই ওষুধের দোকানে তল্লাশি চালায় পুলিশ। অভিযুক্ত দোকানের মালিককে গ্রেপ্তারও করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ওষুধের দোকানের মালিকের নাম মহম্মদ সাজিদ ইব্রাহিম মোল্লা। অভিযোগ পেয়ে সুরাট পুলিশের স্পেশাল অপারেশন টিম গোপীপুরা এলাকার ওই ওষুধের দোকানে অভিযান চালায়। অভিযোগ, পশুদের জন্য তৈরি টনিক শিশুদের ওষুধ হিসেবে বেশি দামে বিক্রি করা হতো। পুলিশের এক আধিকারিক জানান, ওই ব্যক্তি পশুদের লিকুইড ভেটেরিনারি ফিড সাপ্লিমেন্টের বড় ক্যান থেকে ৬০ ও ১০০ মিলির ছোট বোতল তৈরি করত। এর পরে দোকানের মালিক বোতলগুলোতে নকল লেবেল লাগিয়ে শিশুদের ওষুধ হিসেবে বিক্রি করে।
ডিসিপি রাজদীপ সিংহ নাকুম বলেন, অভিযুক্ত সাজিদ শিশুদের ওষুধের নাম করে পশুদের ওষুধ হিসেবে বিক্রি করতেন। ছাড়াও ক্রেতাদের থেকে দ্বিগুণ দামও নিত। পুলিশ এ দিন তল্লাশি চালিয়ে ৩১,১৯৫ টাকার ওষুধ ও অন্যান্য জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে।
এ ছাড়াও, পুলিশ জনসাধারণকে সতর্কতামূলক বার্তা দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, যদি কেউ ওষুধটি কিনে থাকেন তা হলে ওই ওষুধ যেন কেউ ব্যবহার না করেন। অথবা এই ওষুধ খাওয়ার ফলে যদি কোনও শিশু অসুস্থ হয়ে পড়ে তা হলে দ্রুত হাসপাতালে ভর্তি করানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়াও পুলিশের সঙ্গে যোগাযোগ করার কথাও জানান তাঁরা।
