উৎসবমুখর পরিবেশ, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পাবনায় দৈনিক কালবেলা-র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে পাবনা প্রেসক্লাব ভিআইপি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসেন, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সম্পাদক আখিনুর ইসলামের রেমন এবং বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রব্বানি কামনা।
অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিরা দৈনিক কালবেলা-র বিগত ৪ বছরের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন এবং পত্রিকা সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রধান অতিথির বক্তব্যে পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, মুক্ত ও স্বাধীন সাংবাদিকতা গণতন্ত্রকে শক্তিশালী করে। কালবেলা গত চার বছর ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখ ও অধিকারের কথা সাহসিকতার সঙ্গে উপস্থাপন করে আসছে। দেশের বর্তমান উন্নয়ন অগ্রগতি ও পজিটিভ বাংলাদেশকে তুলে ধরার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে কালবেলা অনন্য অবদান রাখছে। কালবেলা-র এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক এবং এটি গণমানুষের মুখপত্র হয়ে উঠুক- এটাই আমাদের প্রত্যাশা।
বিশেষ অতিথির বক্তব্যে তাঁত বোর্ডের চেয়ারম্যান বলেন, সংবাদপত্র হচ্ছে সমাজের আয়না। দৈনিক কালবেলা শুরু থেকেই সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। দেশের শিল্প, সংস্কৃতি, নানা খাতের সম্ভাবনা ও সমস্যার কথা কালবেলা নিয়মিত তুলে ধরছে। আমরা আশা করি, সামনের দিনগুলোতেও কালবেলা তার বস্তুনিষ্ঠতার ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে।
অন্যান্য বক্তারাও কালবেলা-র সাফল্য কামনা করে বক্তব্য দেন। আলোচনা সভা শেষে অতিথিরা একসঙ্গে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ উদযাপন করেন।
অনুষ্ঠানে পাবনার সব উপজেলা প্রতিনিধি, পাবনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা, সুশীল সমাজের প্রতিনিধি এবং কালবেলার বিপুল সংখ্যক শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।
