গোঁফ নিয়ে জন্ম সদ্যোজাতর। ত্রিপুরার রাজধানী আগরতলার নবজাতককে নিয়ে চলছে জোর চর্চা। দশমীতে শিশুটি জন্মেছে বলেই খবর। সোশাল মিডিয়ায় ভাইরাল তার ছবি। কেউ কেউ এই ছবিটি যে আসল তা মানতেও চাইছেন না। আবার কেউ কেউ এই ছবিটি নিয়ে মশকরায় ব্যস্ত। বিরল এই ঘটনা নিয়ে কী বলছেন চিকিৎসকরা।
চিকিৎসকদের মতে, শিশুর গোঁফ বেরনোর ঘটনা বিরল। তবে একেবারে অস্বাভাবিক বলা ঠিক হবে না। কারণ, গর্ভাবস্থায় ২৪ সপ্তাহ থেকে ভ্রূণের নরম ও সূক্ষ্ম লোম দেখা দিতে শুরু করে। এই লোম শিশুর নরম ত্বককে সুরক্ষা দেয়। সাধারণত জন্মের সময় শরীরের সূক্ষ্ম লোম ঝরে যায়। তবে চিকিৎসকদের মতে, হরমোনজনিত তারতম্যের ফলে অনেক সময় সদ্য়োজাতর গায়ে লোম দেখা যায়। মূলত ঠোঁট, গাল, কাঁধে শিশুর লোম থাকে। তবে এই গোঁফ দেখা যাওয়ার ঘটনা নিঃসন্দেহে বিরল। ঠিক কী কারণে তার গোঁফ রয়েছে, তা শারীরিক পরীক্ষা নিরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয় বলেই দাবি চিকিৎসকদের।
চিকিৎসকদের মতে, সদ্যোজাতর শরীরে থাকা লোম নিয়ে অভিভাবকদের বেশি ভাবনাচিন্তা না করাই উচিত। বিশেষত শিশুদের নরম ও স্পর্শকাতর ত্বকে কোনওভাবে কাঁচি, রেজার ব্যবহার করা উচিক নয়। তাতে শিশুর রক্তপাতের সম্ভাবনা রয়েছে। সংক্রমণের আশঙ্কাও থাকে। তাই শিশুর শরীরে থাকা লোম কিংবা গোঁফের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শমতো ব্যবস্থা নেওয়া উচিত। নইলে বড়সড় কোনও ক্ষতি হতে পারে।
