আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে জয়ের সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে বাংলাদেশকে। ম্যাচের শেষ দিনে প্রতিপক্ষের বাকি উইকেটগুলো তুলে নেওয়ার সুযোগ ছিল নাজমুল হোসেন শান্তদের সামনে। কিন্তু সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। দলের স্পিনারদের কাছে প্রত্যাশা বেশি থাকলেও আফগান ব্যাটারদের থামাতে না পারার আক্ষেপ রয়েছে অধিনায়ক শান্তর।
ম্যাচ শেষে শান্ত বলেন, ‘হ্যাঁ, হতাশাজনক। তবে আমার মনে হয়, তারা দুর্দান্ত খেলেছে। আমরা কিছু সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু সেই সুযোগগুলো কাজে লাগাতে পারিনি।’
বিজ্ঞাপন
গত কয়েক বছরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পেসাররা ধারাবাহিকভাবে ভালো করেছেন। তবে আবুধাবির কন্ডিশন ও আবহাওয়া বিবেচনায় স্পিনারদের কাছ থেকে এবার বেশি প্রত্যাশা করেছিলেন শান্ত। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে সেই প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি।
শান্ত বলেন, ‘গত কয়েক বছরে আমাদের দলের দিকে তাকালে দেখা যাবে, পেসাররা দুর্দান্ত কাজ করেছে। এই ম্যাচে কন্ডিশন ও আবহাওয়ার কারণে আমি স্পিনারদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করেছিলাম। তারা চেষ্টা করেছে। তবে আফগানিস্তানও দুর্দান্ত ক্রিকেট খেলেছে।’
বিজ্ঞাপন
তবে এই ম্যাচকে ভবিষ্যতের জন্য শেখার সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক। তার মতে, পাঁচদিন ধরে ভালো ক্রিকেট খেলার অভিজ্ঞতা দলকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে।
পেসার হাসান মাহমুদেরও প্রশংসা করেছেন শান্ত। তার মতে, যেকোনো কন্ডিশনে বল হাতে দলের জন্য অবদান রাখছেন এই পেসার। অস্ট্রেলিয়ার কন্ডিশন থেকে আবুধাবি- সব জায়গাতেই হাসানের পারফরম্যান্সে সন্তুষ্ট অধিনায়ক।
শান্ত বলেন, ‘আমি যখনই তাকে বল দিই, সে দলের জন্য দারুণ কাজ করে। অস্ট্রেলিয়ায়ও, এই কন্ডিশনেও সে অসাধারণ। ইবাদত, তাসকিন, রানা, খালেদ, শরীফুল- সবাই আছে। আমাদের পেস ইউনিট অসাধারণ। তারা অনেক পরিশ্রম করে। আশা করি, গত কয়েক বছরে যেভাবে পারফর্ম করেছে, সেভাবেই চালিয়ে যাবে।’
এসকেডি/আইএইচএস
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
