ছবি: সংগৃহীত
-->অপ্রতিরোধ্য গতিতে ছুটছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু ভিলা পার্কে এসে থামল সেই জয়রথ। নিকোলাস জ্যাকসনের জোড়া গোলে ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারাল অ্যাস্টন ভিলা। ঘরের মাঠে এই জয়ে উচ্ছ্বাসে মাতল ভক্তরা। অন্যদিকে, মৌসুমের প্রথম হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়ল এনজো মারেস্কার দল।
শনিবার (২৪ অক্টোবর) শুরু থেকেই আক্রমণাত্মক ছিল অ্যাস্টন ভিলা। ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। সিটির ডিফেন্ডার মার্ক গুয়েহির ভুলের সুযোগ কাজে লাগান জ্যাকসন। তার গোলে এগিয়ে যায় ভিলা। শুরুতেই চাপে পড়ে সিটি। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ম্যানসিটি।
পিছিয়ে পড়েও হাল ছাড়েনি মারেস্কার দল। বলের নিয়ন্ত্রণ রেখে একের পর এক আক্রমণ চালায় তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই আসে সমতা ফেরানোর গোল। ৫২ মিনিটে ইলিমান এনদিয়ায়ের বাড়ানো বল থেকে দারুন হেডে জালের দেখা পান আর্লিং হালান্ড। নরওয়ের এই তারকা ফরওয়ার্ডের নিখুঁত ফিনিশিংয়ে ১-১ হয় স্কোরলাইন।
আরও পড়ুন
তবে সিটির স্বস্তি স্থায়ী হয়নি। আট মিনিট পরই আবারও আঘাত হানে ভিলা। ম্যাচের ৬০ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন জ্যাকসন। বদলি খেলোয়াড় ইব্রাহিম এমবায়ের পাস থেকে বল পেয়ে জালে জড়ান তিনি। তাতেই আবার এগিয়ে যায় স্বাগতিকরা। ভিলা পার্কে শুরু হয় উল্লাস।
এরপর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ম্যানচেস্টার সিটি। বল দখলে রাখে ৬৩ শতাংশ। গোল মুখে নেয় ১৫টি শট যার মধ্যে ৭টিই ছিলো লক্ষ্যে। কিন্তু ভিলার জমাট রক্ষণ ভাঙা সহজ ছিল না। গোলরক্ষক জিওন সুজুকিও ছিলেন দুর্দান্ত। একের পর এক আক্রমণ ঠেকিয়ে দলকে এগিয়ে রাখেন তিনি।
আরও পড়ুন
ম্যাচের শেষ দিকে সিটির চাপ আরও বাড়ে। তবে রক্ষণে দৃঢ়তা দেখায় ভিলা। ইয়ান মাতসেনের গোললাইন ক্লিয়ারেন্সও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। শেষ পর্যন্ত আর গোল পায়নি সিটি। ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে অ্যাস্টন ভিলা।
এই জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও মজবুত করার সুযোগ পেল ভিলা। মৌসুমের প্রথম পরাজয় ম্যানচেস্টার সিটিকে থামিয়ে দিল ভিলা পার্কেই।
আরও পড়ুন
পাপ্পু/
