চাঁদপুরের হাইমচরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর আওতায় মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ৩২ জনকে আটক করা হয়েছে। পরে আটক ব্যক্তিদের মধ্যে ৩০ জনকে ১৮ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। অপর দুই ব্যক্তি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর ও কোস্টগার্ডের যৌথ দল।
অভিযান সূত্রে জানা গেছে, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নদীতে মাছ ধরার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির উদ্যোগে এ অভিযান চালানো হয়। অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে ৩২ জনকে আটক করা হয়। পরে অপরাধের মাত্রা ও অপ্রাপ্তবয়স্ক হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে দুজনকে মুচলেকা এবং অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ৩০ জনকে প্রত্যেককে ১৮ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
এ সময় অভিযানে প্রায় এক লাখ মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়। পরে বিধি মোতাবেক জালগুলো বিনষ্ট করা হয়। উদ্ধার করা মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।
