কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সময় শনিবার (১৭ অক্টোবর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগুইন্টি। তবে আগুনে কতজন নিহত বা আহত হয়েছেন, তা নিশ্চিত করতে পারেননি তিনি।
এক সংবাদ সম্মেলনে ম্যাকগুইন্টি বলেন, কানাডীয় সশস্ত্র বাহিনী স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিকে ‘অত্যন্ত নাজুক’ বলে বর্ণনা করেন তিনি।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, একটি ‘গুরুতর ঘটনায় বড় ধরনের অগ্নিকাণ্ড’ ঘটেছে। এতে ক্ষতিগ্রস্ত সাহসী নারী ও পুরুষদের প্রতি সমবেদনা জানান তিনি।
অগ্নিকাণ্ডের ঘটনাস্থল ‘কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইট’ দেশটির অন্যতম ব্যস্ত সামরিক প্রশিক্ষণ ঘাঁটি। সেখানে সরাসরি গোলাবারুদ ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়। স্বাভাবিক সময়ে ঘাঁটিটিতে ৬৯০ জন সামরিক সদস্য এবং ৩০০ জন বেসামরিক কর্মী কর্মরত থাকেন।
ওয়েনরাইট মিউনিসিপ্যাল ডিস্ট্রিক্ট জানিয়েছে, শনিবারের আগুন তীব্র বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘাঁটির সীমানা পেরিয়ে বাইরেও চলে আসে।
ম্যাকগুইন্টি সাংবাদিকদের বলেন, ‘সাম্প্রতিক অতীতে এমন ঘটনা ঘটেছে বলে আমার মনে পড়ে না।’
আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ বলেছেন, এই গুরুতর ও মর্মান্তিক অগ্নিকাণ্ড প্রদেশের অনেক সাহসী সামরিক সদস্যকে প্রভাবিত করেছে। পরিস্থিতি মোকাবিলা ও তদন্তের জন্য প্রাদেশিক কর্তৃপক্ষ কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে বলেও জানান তিনি।
ঠিক কখন আগুনের সূত্রপাত হয়েছিল, তা স্পষ্ট নয়। তবে স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে কর্তৃপক্ষ প্রথম ঘটনাটি সম্পর্কে তথ্য প্রকাশ করে।
এদিকে স্থানীয় প্রশাসন বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে চলার এবং জরুরি সেবায় নিয়োজিত যানবাহন চলাচলের জন্য রাস্তা ফাঁকা রাখার আহ্বান জানিয়েছে।
এমএমটি
-20261018061353.jpg&w=1440&q=75)