ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২ কোটি ৩ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ১৫ হাজার ৪৮টি ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১৪ অক্টোবর রাত ১টার বিজয়নগর উপজেলার ভাগলপুর এলাকায় আগে থেকেই অবস্থান নিয়ে নজরদারি করছিল সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর একটি টহলদল। এ সময় আনুমানিক ২৫ থেকে ৩০ জন ব্যক্তি মাথায় কার্টন নিয়ে ভারত থেকে বাংলাদেশের দিকে আসছিলেন। টহলদল তাঁদের ধাওয়া করলে তাঁরা মাথায় বহন করা কার্টন ফেলে দৌড়ে পালিয়ে যান।
পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো কার্টনের ভেতর ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ১৫ হাজার ৪৮টি ডিসপ্লে উদ্ধার করেন।জব্দ করা চোরাচালানি মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, মাদকদ্রব্যের চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সাম্প্রতিক অভিযানে ১০ হাজার ৬৫৫টি ইয়াবা ট্যাবলেট, ৪৭২ কেজি গাঁজা, ১ হাজার ১৮৭ বোতল ইস্কাফ, ২৭৫ বোতল বিদেশি মদ এবং ১৭৮ বোতল বিয়ার জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।
বিজিবি জানায়, ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের ১৪ অক্টোবর পর্যন্ত গত এক বছরে সরাইল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং প্রায় ১২৩ কোটি টাকা মূল্যের অন্যান্য চোরাচালানি মালামালসহ সর্বমোট ১২৯ কোটি ৩ লাখ ৭২ হাজার ৮৭৪ টাকা মূল্যের চোরাচালানি পণ্য আটক করা হয়েছে। এ সময় এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট ২৫ জনকে আটক করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সরাইল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে।
