নিরাপত্তাজনিত উদ্বেগে সাময়িকভাবে বন্ধ ঘোষণার চার দিন পর পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত করা হয়েছে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি। আগামীকাল ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকে পর্যটকদের ভ্রমণে আর কোনো নিষেধাজ্ঞা থাকছে না। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পর্যটকদের ভ্রমণের সুযোগ দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাঙ্গামাটির জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর সই করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র ভ্রমণের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়।
এর আগে ১১ অক্টোবর রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে পর্যটকদের প্রবেশ ও পর্যটন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে এলাকা ছেড়ে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
জেলা প্রশাসনের এ সিদ্ধান্তের আগে ওইদিন সকাল থেকে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি শুরু করে।
অবরোধের কারণে সাজেকগামী ও সেখান থেকে ফেরার পথে পর্যটকবাহী গাড়িসহ বহু যানবাহন আটকে পড়ে। এতে নারী ও শিশুসহ পর্যটকদের ভোগান্তিতে পড়তে হয়। পরে প্রশাসনের সঙ্গে আলোচনার পর আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি স্থগিত করে।
নতুন এই গণবিজ্ঞপ্তির ফলে সাজেক ভ্যালির পর্যটনকেন্দ্রগুলো আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত হলো। দুর্গাপূজার ছুটিকে সামনে রেখে এ সিদ্ধান্তে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও ভ্রমণপ্রত্যাশীদের মধ্যে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সংবাদ: সাজেক ভ্যালি
২৮ সেপ্টেম্বর ২০২৪
