নৃত্য প্রশিক্ষক ও পরিচালক ফরাহ খান এখন একজন সফল ইউটিউব ভ্লগারও। তাঁর দৌলতে এখন সমাজমাধ্যমে বেশ জনপ্রিয় তাঁর রাঁধুনি দিলীপ। তবে দিলীপের এই জনপ্রিয়তা নিয়ে সম্প্রতি প্রশ্ন তুলেছিলেন কৌতুকশিল্পী সাইরাস ব্রোচা। দিলীপকে ‘প্রতারক’ বলে কটাক্ষ করার পাশাপাশি তাঁকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এ বার সাইরাসের সেই বক্তব্যের জবাব দিলেন ফরাহ। যে মন্তব্য ঘিরে সমাজমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
দিলীপকে নিয়ে সাইরাসের মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে ফরাহ লেখেন, “সাইরাস, তোমার জায়গায় ওকে (দিলীপ) বসিয়ে দিতে পারি!” সঙ্গে হাসির ইমোজি। পাল্টা সাইরাসের প্রশ্ন, “কাল থেকে আসব?” তাঁদের এই মজার কথোপকথন দেখে নেটাগরিকের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গিয়েছে। এক জন লিখেছেন, “সাইরাসকে নিয়ে একটা পর্ব করুন। দেখা যাক, দিলীপ কী বলে!” আর এক জনের মন্তব্য, “সাইরাস যদি যোগ দেন, তা হলে সকলেই আপনার অনুষ্ঠান দেখা বন্ধ করে দেবে।” অন্য এক নেটাগরিক আবার লিখেছেন, “না সাইরাস, আপনি যোগ্য নন। দিলীপের জায়গা কেউ নিতে পারবে না।” তবে ফরাহের উত্তরে খুশি হননি এমন অনুরাগীও রয়েছেন। এক জন লিখেছেন, “আপনি কি পাগল নাকি? দিলীপের হয়ে আপনার প্রতিবাদ করা উচিত ছিল।”
আসলে সাইরাসের আপত্তি দিলীপের আচরণ নিয়েই। এক কথোপকথনে তিনি বলেন, “ওকে আমার ভাল লাগে না। ও দেখলে আমার বিরক্ত লাগে। সবসময় অভিনয় করছে বলে মনে হয়। প্রথম দু’-এক বার ওকে ভাল লেগেছিল, কিন্তু এখন ওকে প্রতারক বলে মনে হয়। আমার মনে হয়, ওকে কী বলতে হবে, করতে হবে, ফরাহ সবটা শিখিয়ে দেন। তার পর ও নিজের মতো করে কথা বলে। কখনও কখনও মনে হয়, ওর এতে মনই নেই। আমার মতে, ওকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে।”
তবে সেই আলোচনাতেই দিলীপের পাশে দাঁড়িয়েছিলেন অভিনেতা শান্তনু। তাঁর বক্তব্য, “দিলীপকে পছন্দ করেন না, এমন মানুষ বোধহয় সারা পৃথিবীতে একমাত্র আপনিই। দিলীপ খুব মিষ্টি এবং সকলের ভালবাসার মানুষ।”
ফরাহের ভ্লগে নিয়মিত উপস্থিতির সুবাদে দিলীপ এখন নিজেই এক পরিচিত মুখ। রান্নার ভিডিয়ো দিয়ে শুরু হলেও ধীরে ধীরে সেই ভ্লগে জায়গা করে নিয়েছে তারকাদের বাড়ি ঘুরে দেখা, খাবার, আড্ডা, গসিপ এবং ফরাহের সঙ্গে দিলীপের মজার কথোপকথন। তাঁর স্বতঃস্ফূর্ত জবাব, হাস্যরস এবং পরিচালকের সঙ্গে সহজ সম্পর্ক দর্শকের মন জয় করেছে। অনেকেই এখন তারকা অতিথিদের পাশাপাশি দিলীপের প্রতিক্রিয়া দেখার জন্যও অপেক্ষা করেন।
দিলীপের জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে, শাহরুখ খানের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করার সুযোগও পেয়েছেন তিনি। ফরাহ এর আগে জানিয়েছিলেন, তাঁদের ইউটিউব ভ্লগের সাফল্য দিলীপের জীবনেও বড় পরিবর্তন এনেছে। ২০২৫ সালের নভেম্বর মাসে তিনি জানান, ইউটিউব থেকে এক বছরের আয়ের টাকা দিয়ে দিলীপের বিপুল ঋণ শোধ করতে সাহায্য করেছেন। পাশাপাশি তাঁর ছেলের রন্ধনশিল্পের পড়াশোনার খরচেও সহায়তা করেছেন ফরাহ। নিজের শহরে একটি বাড়িও তৈরি করছেন দিলীপ, এমনটাই জানিয়েছিলেন পরিচালক।
