জন্মদিনে নিজের জীবনের নানা অধ্যায় ফিরে দেখেছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। সোমবার সামাজিক মাধ্যমে দেওয়া লেখায় তিনি জানিয়েছেন, বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে বারবার নতুন করে নিজেকে আবিষ্কার করেছেন।
নাচ, গান, অভিনয় ও নির্মাণের পাশাপাশি পরিবার এবং মা হওয়ার অভিজ্ঞতার কথাও উল্লেখ করেছেন তিনি। হুমায়ূন আহমেদের মৃত্যুর পর একা মা হিসেবে এগিয়ে যাওয়ার কঠিন সময় স্মরণ করেছেন শাওন।
২০২৪ সালের পরিবর্তনকে নিজের সাম্প্রতিক নতুন অধ্যায় হিসেবে দেখছেন তিনি। তার ভাষায়, এখন আগের চেয়ে পরিণত ও দৃঢ় হয়েছেন। দূরের মানুষের ভালোবাসা নিজের প্রতি আস্থা বাড়িয়েছে বলে জানিয়েছেন। নিজের, প্রিয়জনদের ও যারা তাকে ভালোবাসেন তাদের জন্য কাজ করে যেতে চান শাওন। জন্মদিনে সবার শুভকামনা চেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
