জীবনে এমন অনেক মুহূর্ত আসে, যখন মনে হয়, ইশ! যদি আরেকবার সুযোগ পাওয়া যেত! কোনো ভুল সিদ্ধান্ত, ভেঙে যাওয়া সম্পর্ক, অসম্পূর্ণ স্বপ্ন কিংবা হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ-সবকিছু নতুন করে শুরু করার ইচ্ছা জাগে মনে। অতীতকে বদলে ফেলা সম্ভব না হলেও, সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আবার চেষ্টা করা যায়।
জীবনের দ্বিতীয় সুযোগ এবং নতুনভাবে শুরু করার এই ভাবনাকে সামনে রেখেই প্রতি বছর ১৭ অক্টোবর পালন করা হয় মালিগান ডে। মূলত যুক্তরাষ্ট্রে পরিচিত এই দিবসের বার্তা হলো, প্রথমবার ব্যর্থ হলেই সব শেষ হয়ে যায় না, কখনো কখনো নিজেকে আরেকটি সুযোগ দেওয়াই হতে পারে সামনে এগিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ।
মালিগান ডে কী?
মালিগান ডে হলো ভুল শুধরে আবার চেষ্টা করা, নতুন করে শুরু করা এবং নিজেকে ও অন্যকে দ্বিতীয় সুযোগ দেওয়ার প্রতীকী দিন। এটি কোনো আনুষ্ঠানিক সরকারি ছুটির দিন নয়, বরং একটি অনানুষ্ঠানিক দিবস, যা মানুষকে অতীতের ভুল নিয়ে আটকে না থেকে ভবিষ্যতের দিকে তাকানোর কথা মনে করিয়ে দেয়।
এই দিবসের মূল ধারণা এসেছে গলফ খেলা থেকে। গলফে অনানুষ্ঠানিকভাবে ‘মালিগান’ বলতে কোনো খেলোয়াড়ের খারাপ শটের পর আরেকবার শট নেওয়ার সুযোগকে বোঝানো হয়। বন্ধুত্বপূর্ণ খেলায় এমন সুযোগ দেওয়া হলেও আনুষ্ঠানিক প্রতিযোগিতায় নিয়ম মেনে খেলতে হয়। খেলার মাঠের এই ধারণাই পরে জীবনের নানা পরিস্থিতিতে দ্বিতীয় সুযোগের প্রতীক হয়ে ওঠে।
কীভাবে শুরু হলো মালিগান ডে?
ন্যাশনাল মালিগান ডে চালু করার কৃতিত্ব দেওয়া হয় যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের হুভার শহরের বাসিন্দা সি ড্যানিয়েল রোডসকে। তিনি এমন একটি দিন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যা মানুষকে নতুন করে শুরু করার সুযোগ এবং ভুল সংশোধনের গুরুত্ব মনে করিয়ে দেবে। প্রতি বছর ১৭ অক্টোবর এই দিবস পালিত হয়।
তবে ‘মালিগান’ শব্দটির উৎপত্তি নিয়ে একাধিক মত রয়েছে। প্রচলিত একটি গল্প অনুযায়ী, ১৯২০-এর দশকে কানাডীয় গলফার ডেভিড মুলিগান একটি খারাপ শটের পর আবার শট নেওয়ার সুযোগ পেয়েছিলেন। এরপর তিনি নিজেই স্বতঃস্ফূর্তভাবে আরেকটি শট নেন এবং এটিকে ‘কারেকশন শট’ বলেন। তার বন্ধুরা বিষয়টিকে মজা হিসেবে নেন এবং তার নাম অনুসারে এই ফ্রি শটের নাম দেন ‘মালিগান’। আরেকটি গল্পে ১৯৩০-এর দশকে নিউ জার্সির গলফ ক্লাবের কর্মী জন ‘বাডি’ মুলিগানের কথা বলা হয়।
কেন পালন করা হয় এই দিন?
জীবনে ভুল করা স্বাভাবিক। কখনো অপর্যাপ্ত প্রস্তুতি, কখনো পরিস্থিতির চাপে, আবার কখনো ভুল সিদ্ধান্তের কারণে প্রত্যাশিত ফল পাওয়া যায় না। কিন্তু একটি ব্যর্থতাই যে জীবনের চূড়ান্ত পরিণতি, তা নয়। মালিগান ডে সেই কথাই মনে করিয়ে দেয়।
এই দিনের উদ্দেশ্য অতীতের ভুল অস্বীকার করা নয়, বরং ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়া। যে কাজটি প্রথমবার সফল হয়নি, সেটি নতুন পরিকল্পনায় আবার চেষ্টা করা, প্রয়োজন হলে কারও কাছে ক্ষমা চাওয়া কিংবা দীর্ঘদিনের অসম্পূর্ণ লক্ষ্য পূরণের উদ্যোগ নেওয়াই হতে পারে দিনটি পালনের অংশ।
একই সঙ্গে অন্যের ভুলের প্রতিও সহানুভূতিশীল হওয়ার বার্তা দেয় এই দিবস। তবে দ্বিতীয় সুযোগ দেওয়ার অর্থ এই নয় যে সব ভুল মেনে নিতে হবে। যেখানে বারবার ক্ষতি, অসম্মান কিংবা নির্যাতনের আশঙ্কা থাকে, সেখানে নিজের নিরাপত্তা ও সীমারেখা বজায় রাখাও জরুরি।
মালিগান ডে পালনের উপকারিতা
নিজের প্রতি সহানুভূতিশীল হতে শেখায়। কোনো কাজে ব্যর্থ হলে অনেকেই নিজেকে দোষারোপ করতে থাকেন। নিজের ভুলকে স্বীকার করে তা থেকে শিক্ষা নেওয়া এবং নিজেকে আবার চেষ্টা করার সুযোগ দেওয়া মানসিক চাপ সামলাতে সহায়ক হতে পারে। নতুন করে চেষ্টা করার সাহস জোগায়। প্রথমবার ব্যর্থ হওয়ার পর অনেকেই একই কাজে আবার হাত দিতে ভয় পান। দ্বিতীয় সুযোগের ধারণা মনে করিয়ে দেয়, অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুনভাবে চেষ্টা করা সম্ভব।
ভুল থেকে শেখার সুযোগ তৈরি করে। কোনো পরিকল্পনা কেন সফল হয়নি, তা বিশ্লেষণ করলে নিজের দুর্বলতা ও উন্নতির জায়গাগুলো চিহ্নিত করা যায়। পরবর্তী প্রচেষ্টায় সেই অভিজ্ঞতা কাজে লাগানো সম্ভব।
সম্পর্কে সহনশীলতা বাড়াতে পারে। ভুল বোঝাবুঝি কিংবা অনিচ্ছাকৃত ভুলের ক্ষেত্রে কথা বলা, ক্ষমা চাওয়া এবং সংশোধনের সুযোগ দেওয়া সম্পর্কের উন্নতিতে সাহায্য করতে পারে।
অসম্পূর্ণ স্বপ্নের দিকে ফিরতে উৎসাহ দেয়। পড়াশোনা, কর্মজীবন, ব্যক্তিগত দক্ষতা কিংবা নতুন কোনো অভ্যাসই যে লক্ষ্যই একসময় মাঝপথে থেমে যাক না কেন, নতুন পরিকল্পনায় আবার শুরু করার অনুপ্রেরণা দিতে পারে এই দিন।
দিনটি উপলক্ষে নিজের এমন একটি লক্ষ্য বেছে নিতে পারেন, যা অনেক দিন ধরে অসম্পূর্ণ। কেন আগে সফল হননি, তা ভেবে এবার ছোট একটি পদক্ষেপ নিন। কারো সঙ্গে ভুল বোঝাবুঝি থাকলে পরিস্থিতি উপযুক্ত হলে কথা বলুন। নিজের কোনো ভুলের জন্য অনুতপ্ত হলে শুধু নিজেকে দোষারোপ না করে সংশোধনের উপায় খুঁজুন। অন্য কেউ আন্তরিকভাবে ভুল স্বীকার করলে, পরিস্থিতি বুঝে তাকে সংশোধনের সুযোগও দিতে পারেন।
মালিগান ডে মনে করিয়ে দেয়, অতীতের প্রতিটি ঘটনা বদলে ফেলা সম্ভব নয়। কিন্তু সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পরবর্তী পদক্ষেপটি নতুনভাবে বেছে নেওয়া সম্ভব। জীবনের দ্বিতীয় সুযোগ সব সময় বাইরে থেকে আসে না, কখনো কখনো নিজেকেই নিজের জন্য সেই সুযোগ তৈরি করতে হয়।
