ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়ে আলোচনায় উঠে এসেছেন ২৯ বছর বয়সী নেত্রী নেহা বোরা। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে চলমান আন্দোলনে তার সক্রিয় ভূমিকা এবং পুলিশের হাতে আটক হওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে।
নেহাকে নিয়ে গুগলে বাড়ছে মানুষের অনুসন্ধান। অনেকেই জানতে চাইছেন তার বয়স, জন্মস্থান, শিক্ষাগত যোগ্যতা ও রাজনৈতিক পরিচয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নেহা বোরা ভারতের বামপন্থী ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) জাতীয় সভাপতি। উত্তরাখণ্ডের খতিমায় তার জন্ম। বাবার চাকরির সুবাদে ছোটবেলা কেটেছে দেশের বিভিন্ন এলাকায়। পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে স্কুলজীবন শেষ করে উচ্চশিক্ষার জন্য দিল্লিতে যান তিনি।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দু কলেজ থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন নেহা। পরে ড. বি আর আম্বেদকর বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করেন। বর্তমানে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) স্কুল অব আর্টস অ্যান্ড অ্যাসথেটিকসে থিয়েটার ও পারফরম্যান্স স্টাডিজ বিষয়ে পিএইচডি পর্যায়ে গবেষণা করছেন।
নাট্যমঞ্চ থেকে ছাত্ররাজনীতি
নেহার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার যাত্রা শুরু হয়েছিল থিয়েটারের মাধ্যমে। কলেজজীবনে সামাজিক সমস্যা নিয়ে নাট্যচর্চা করতে গিয়ে জনজীবনের নানা সংকট সম্পর্কে তার আগ্রহ বাড়ে। ২০১৯ ও ২০২০ সালে নাগরিকত্ব সংশোধনী আইনবিরোধী আন্দোলনেও অংশ নেন তিনি। পরে ছাত্ররাজনীতিতে সক্রিয় হয়ে এআইএসএর জাতীয় সভাপতির দায়িত্ব পান।
শিক্ষার্থীদের অধিকার, পরীক্ষায় অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে আন্দোলনে অংশ নিয়ে পরিচিতি পেয়েছেন নেহা। সাম্প্রতিক সময়ে দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভেও তাকে সামনের সারিতে দেখা গেছে।
গত শনিবার দিল্লিতে বিক্ষোভকারীদের জনতার মিছিল জন্তর মন্তরের দিকে এগোতে বাধা দেয় পুলিশ। এ সময় নেহাসহ বহু আন্দোলনকারীকে আটক করা হয়। পরে আটক অবস্থায় ইনস্টাগ্রামে দেওয়া এক ভিডিওতে তিনি বলেন, তাকে আটক করা হলেও আন্দোলন থেমে নেই। তার বক্তব্য ও বিক্ষোভের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর তাকে নিয়ে মানুষের আগ্রহ আরও বেড়েছে।
এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, সপ্তাহান্তে নেহাকে নিয়ে গুগলে অনুসন্ধান দ্রুত বেড়েছে। আজ সোমবার সকালে তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
