বটতলা সর্বজনীন-এর দুর্গামূর্তিEi Samay
Published on
:
1 min read
চাঁদকুমার বড়াল, কোচবিহার
কোচবিহারের বটতলা সর্বজনীন-এর এ বারের পুজোয় ফুটে উঠবে এক টুকরো শরৎ। এই পুজোর এ বার ৭৫তম বর্ষ। থিম 'আগমনি'। ৫৫ লক্ষ টাকা বাজেটে কোচবিহারের শিল্পী দিলীপ বর্মনের হাতের ছোঁয়ায় এক বিঘা জমির উপরে গড়ে উঠছে মণ্ডপ।
পুজো কমিটি জানিয়েছে, সবমিলিয়ে একটি বড় মাঠে চারটি ধাপে (ঘরের মতো) ইন্ডোরের ব্যবস্থা করা হয়েছে। প্রথমে ইন্ডোরে ঢুকলেই দর্শনার্থীরা দেখতে পাবেন একঝাঁক পাখি। দ্বিতীয় ইন্ডোরে প্রবেশের পরে দেখা যাবে শিউলি ফুল। সঙ্গে দেবীদুর্গার মর্তে নেমে আসার দৃশ্য। দেখা যাবে পদচিহ্ন এবং আঁচল। তৃতীয় ইন্ডোরে থাকবে কাশফুল। চারদিকে মিরর গ্লাসে এক মায়াময় মুহূর্ত তৈরি হবে। সর্বশেষ ইন্ডোরে থাকবে দেবীদুর্গার মৃন্ময়ী মূর্তি।
ক্লাবের কর্তারা জানিয়েছেন, মণ্ডপ ছাড়াও গোটা পুজোকে কেন্দ্র করে বেশ কিছু চমক থাকছে। তবে তাঁরা এখনই পুরোটা খোলসা করতে চাইছেন না। পুজোর দিনগুলোয় একাধিক সামাজিক কর্মসূচি হবে। যদিও এই ক্লাব সারাবছর বৃক্ষরোপণ, রক্তদান এবং চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করে। পুজোয় 'দরিদ্র নারায়ণ সেবা', 'দস্ত দান' হবে।
পুজো কমিটির সহ-সম্পাদক সম্পদ চক্রবর্তী বলেন, 'গোটা কোচবিহার জেলার মধ্যে সবচেয়ে বড় জায়গায় আমাদের পুজোর আয়োজন হচ্ছে। দর্শনার্থীরা এখানে আসলেই একেবারে চিরাচরিত শরতের আবহ উপলব্ধি করতে পারবেন।' তিনি আরও জানিয়েছেন, দর্শনার্থীদের জন্য এখানে চলার পথে বুক স্টল থাকবে। সেখানে বসে বই, পত্রিকা পড়ার পাশাপাশি দর্শনার্থীরা বিশ্রামও নিতে পারবেন।