ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় সপ্তাহে কমপক্ষে দুই দিন আধা ঘণ্টা সময় ব্যয় করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
দেশবাসীর প্রতি শুভেচ্ছ জানিয়ে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে একটু আলাপ করতে চাই। একই সঙ্গে আপনাদের সহযোগিতা দরকার এই সমস্যাটির কিছুটা হলেও সমাধান করার জন্য।’ তিনি বলেন, আমরা একসঙ্গে হয়েই ১৯৭১ সালে এই দেশকে স্বাধীন করেছিলাম। আমরা সকলে একসঙ্গেই ১৯৯০ এর সেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনকেও সফল করেছিলাম। আবার সকল স্তরের
মানুষ একত্রিত হয়ে ২০২৪ এর গণ-অভ্যুত্থানকে আমরা সফল করেছিলাম। আমরা যদি এতগুলো কাজ পারি তাহলে কেন আমরা দেশের অন্য যে সকল সমস্যা আছে সকলে মিলে যদি একটু একটু করে আমরা কন্ট্রিবিউট করি একটু একটু করে যদি আমরা অংশগ্রহণ করি কেন পারব না?
ডেঙ্গু পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আজকের যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলাপ করতে চাই সেটি হচ্ছে ডেঙ্গু। আমরা পত্রিকার পাতা খুললেই প্রায় দেখি যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন বয়সের মানুষ মারা গেছেন। বিভিন্ন মানুষ অসুস্থ হয়ে গেছেন। যার আপনজন হারিয়ে গেছে সেই কষ্টটা বুঝে। কিন্তু আমরা যদি সকলে মিলে চেষ্টা করি সকলে মিলে একটু একটু করে এগিয়ে আসি তাহলে অনেক মানুষকে আমরা আপনজন হারানো বেদনা থেকে রক্ষা করতে মানুষকে সাহায্য করতে পারব।
সরকারপ্রধান বলেন, বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে ডেঙ্গু যদি কারো হয় তার সেই রোগ সারাতে টিকাটা খুব বেশি কার্যকরী নয়। সবচেয়ে বেশি কার্যকরী হচ্ছে যে জন্মস্থল ডেঙ্গুর। অর্থাৎ বিভিন্ন জায়গায় যে জমে থাকা পানি বা জমে থাকা ময়লা এটাকে পরিষ্কার করে ফেলতে যদি আমরা পারি তাহলেই সবচেয়ে বেশি আমরা সফল হব ডেঙ্গুকে প্রতিরোধ করতে। আপনাদের কাছে আজকে আমার আহ্বান আপনাদের কাছে আজকে যেই সহযোগিতাটা আমি চাই, আসুন না আমরা প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি পরিবার সপ্তাহে অন্তত দুই দিন করে যদি আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় দেই আমাদের ঘর ঘরের আশপাশে এবং আমাদের চলার পথে যেখানে যেখানে ডেঙ্গু মশা জন্ম নিতে পারে বংশ বিস্তার করতে পারে এই জায়গাগুলোকে আমরা পরিষ্কার করে ফেলি যাতে করে ডেঙ্গু মশা বংশবিস্তার করতে না পারে। একটি সরকার তখনই সফল হয় যখন সকলকে একসঙ্গে নিয়ে সরকার কাজ করে দেশের জন্য।
তারেক রহমান বলেন, আমার সরকার আমরা দেশের সকল মানুষকে নিয়ে একসঙ্গে দেশের সমস্যার সমাধান করতে চাই। দেশের সমস্যার সমাধান মানে আপনার আমার আমাদের সকল এর সমস্যার সমাধান। আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি। সকলে মিলে চেষ্টা করলে অবশ্যই আগামী দিনের এই ডেঙ্গুর অভিশাপ থেকে আমরা বহু মানুষের প্রাণ রক্ষা করতে পারব।
