Published on
:
1 min read
মহিলাদের উদ্যোগে প্রথমবার মালদার বামনগোলা ব্লকের অন্তর্গত হাঁসপুকুর গ্রামে দুর্গাপুজো (Durga Puja 2026) হচ্ছে। মাতা মনমোহিনী সেবা সমিতির পরিচালনায় আয়োজিত হচ্ছে এই পুজো। এই পুজোকে ঘিরে গ্রামবাসীদের উচ্ছাস একেবারে চোখে পড়ার মতো।
হাঁসপুকুর গ্রামের মহিলা সমিতির মহিলারা এই বছর পুজোর উদ্যোগ নিয়েছেন। সূত্রের খবর, এর আগে এই গ্রামে কখনও দুর্গাপুজো হয়নি। তাই এ বার এই সমিতির উদ্যোগে সব গ্রামবাসী দুর্গাপুজোয় সামিল হয়েছেন। মণ্ডপ চত্বরে ধীরে ধীরে ভিড় জমাচ্ছেন তাঁরা। পুজোর আনন্দে মেতে উঠেছেন গ্রামবাসীরা।
মাতা মনমোহিনী সেবা সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, পাঁচ দিন ধরে পুজো উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। ছোটদের পাশাপাশি বড়দের জন্যেও থাকবে বিভিন্ন প্রতিযোগিতা যেমন, কুইজ, শাঁখ বাজানো, উলুর ধ্বনি-ইত্যাদি। তাই পুজোর দিনগুলিতে গ্রামজুড়ে উৎসবের পরিবেশ বজায় থাকবে বলে আশা করছেন উদ্যোক্তারা।
মাতা মনমোহিনী সেবা সমিতির সভাপতি অনিতা চৌধুরী ভকত জানান, সমিতির মহিলাদের উদ্যোগে পুজো শুরু হলেও গ্রামবাসীরাও এই পুজোয় সাহায্য করেছেন। প্রথমবার গ্রামে পুজো হওয়ায় সকলেই বেশ খুশি। পুজোয় নানা প্রতিযোগিতার পাশপাশি রাখা হয়েছে মহিলাদের হাডুডু খেলাও। চারটি দলের মধ্যে প্রতিযোগিতা হবে।
মহিলা সমিতির উদ্যোগে হওয়া এই পুজো আগামী দিনে গ্রামের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও ঐক্যবদ্ধতা আরও দৃঢ় হবে বলেই আশা করা হচ্ছে। প্রথমবারের দুর্গাপুজোকে ঘিরে হাঁসপুকুর গ্রামের বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ ও আনন্দ।
