সংবাদ বিজ্ঞপ্তি · ২২ অক্টোবর, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ন
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা হয়। আজ বৃহস্পতিবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমানের অব্যাহতিপত্র গ্রহণ করা হয়। একই সঙ্গে নিয়মিত কমিটি গঠন না হওয়া পর্যন্ত দেলোয়ার হোসেন খানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির সিনিয়র সহসভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রিন্সিপাল কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর। কোরআন তিলাওয়াত করেন সংগঠনের কোষাধ্যক্ষ মোহাম্মদ বেলাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে এম আতাউর রহমান পীর বলেন, প্রবাসীরা পরিবার-পরিজন ছেড়ে বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের পাঠানো রেমিট্যান্স জাতীয় অর্থনীতিকে সচল রাখার পাশাপাশি অসংখ্য পরিবারের জীবিকা, শিক্ষা ও চিকিৎসার ব্যয় নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে তাদের সমস্যা, অধিকার ও প্রত্যাশাকে যথাযথ গুরুত্ব দিতে হবে। বিদেশে কর্মরত শ্রমজীবীদের ন্যায্য অধিকার রক্ষা, বিপদগ্রস্ত প্রবাসীদের সহায়তা এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ব। এ ক্ষেত্রে সংগঠনকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভায় সাধারণ সম্পাদক সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সাংগঠনিক সম্পাদক কয়েস আহমদ সাগর, সহসাংগঠনিক সম্পাদক মো. দেলওয়ার আহমদ ও ট্রেজারার মোহাম্মদ বেলাল উদ্দিন বক্তব্য দেন। সভা শেষে ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন খান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
গুগলে আমাদের খবর পেতে
