পূর্নিমা রানি দাস রায়পুর লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুরের রায়পুরে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ও সবচেয়ে আনন্দের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব অতি আসন্ন। আগামী শুক্রবার থেকে মহা ষষ্ঠীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে এই মহাপূজা। উৎসবকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায় ও সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। মণ্ডপে মণ্ডপে ও পাড়ায় পাড়ায় চলছে দেবীকে বরণ করে নেওয়ার নানা আয়োজন।
উৎসবের দিন ঘনিয়ে আসায় শেষ মুহূর্তের প্রস্তুতিতে চরম ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। প্রতিমায় রং-তুলির নিখুঁত আঁচড়ে দেবী দুর্গাসহ অন্যান্য প্রতিমাকে অপূর্ব রূপ দিতে দিনরাত কাজ করছেন তারা। সৌন্দর্য ও পোশাকের চূড়ান্ত রূপায়ণে কারিগরদের যেন একদম দম ফেলার সুযোগ নেই। অন্যদিকে, পূজা উপলক্ষে কেনাকাটার ধুম পড়েছে বিপণিবিতানগুলোতে। পোশাক, সাজসজ্জার সামগ্রী ও মিষ্টি কেনায় ব্যস্ত সব বয়সের মানুষ।
সম্প্রীতির বাংলাদেশে আবহমান কাল ধরে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীন ও স্বতঃস্ফূর্তভাবে পালন করে আসছে। সেই ধারাবাহিকতায় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হতে পারে, সে লক্ষ্যে দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে ব্যাপক ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো দুষ্কৃতিকারী বা স্বার্থান্বেষী মহল যেন আইনশৃঙ্খলার অবনতি কিংবা কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি জারি রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী মণ্ডপগুলোতে আনসার, পুলিশ ও র্যাবের পাশাপাশি সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।
মণ্ডপে মণ্ডপে ভক্তদের উপস্থিতি, আলোকময় সাজসজ্জা এবং কেনাকাটার আনন্দ মিলিয়ে গ্রাম থেকে শহর—সর্বত্রই এখন বইছে শারদীয় দুর্গোৎসবের আনন্দের আবহ।

