ভাই সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন তার বড় ভাই মোহাম্মদ আনিস আকবর।
তিনি মনে করেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ ভালোভাবে যাচাই করলে হামলার সূত্র পাওয়া যেতে পারে। একই সঙ্গে স্বাধীন দেশের নাগরিক হিসেবে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে।
ঘটনার সময় গাড়িতে ছিলেন না এই সংগীতশিল্পী। ফলে বড় ধরনের কোনো অঘটন ঘটেনি। ঘটনার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন আসিফের পরিবারের সদস্যরা।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের উদ্বেগের কথা জানান আনিস আকবর। তিনি বলেন, ফজরের নামাজ পড়ে বাসায় ফেরার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইয়ের গাড়িতে গুলি চালানোর খবর দেখতে পান। এরপর অফিসে যাওয়ার পথে ঘটনাস্থলে আসেন তিনি।
আনিস আকবর বলেন, ‘একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে আমরা এমন ঘটনা আশা করতে পারি না। আমাদের সবার নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। আজকের ঘটনায় আল্লাহ হয়তো আসিফের হায়াত বাড়িয়ে দিয়েছেন। অন্যথায় এখানে বড় কোনো অঘটন ঘটে যেতে পারত।’
আসিফ আকবরের গাড়িতে গুলি চালানোর ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তার বড় ভাই।
সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে আবেদন জানিয়ে তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে প্রচলিত আইন অনুযায়ী বিচার নিশ্চিত করতে হবে এবং তদন্তের ফলাফল জনসমক্ষে প্রকাশ করতে হবে।
আনিস আকবরের ভাষ্য, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
পরিবারের পক্ষ থেকে আতঙ্কিত হওয়ার কিছু নেই উল্লেখ করে আনিস আকবর বলেন, তারা পাঁচ ভাই ভালো আছেন। তবে ঘটনার রহস্য উদঘাটনে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ গুরুত্বের সঙ্গে যাচাই করার অনুরোধ জানান তিনি।
আনিস আকবর বলেন, ‘মার্কেটে যে সিসিটিভি ক্যামেরাগুলো আছে, সেগুলো পুলিশ প্রশাসন ভালো করে যাচাই-বাছাই করলে আশা করি, সূত্র খুঁজে পাওয়া যাবে। এরপর আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন বলে আমরা বিশ্বাস রাখি।’
কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন আসিফ আকবরের বড় ভাই। আপন ছোট ভাইকে লক্ষ্য করে এমন ঘটনা ঘটায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত বলেও জানান।
এ সময় আসিফের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
আনিস আকবর বলেন, ‘আসলে এখন কথা বলার মতো মানসিকতা আমার নেই, যেহেতু সে আমার আপন ছোট ভাই। আমি নিজেই ভীষণ সন্ত্রস্ত। আমি আশা করি, প্রশাসন এবং আপনারা সবাই তাকে দেখভাল করবেন। আশা করি, সে ভালো থাকবে আপনাদের দোয়ায়।’
উল্লেখ্য, শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে পার্ক করা আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার সময় গাড়িতে ছিলেন না সংগীতশিল্পী। কারা এবং কী উদ্দেশ্যে গুলি চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ।
