জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচনের আগে বিএনপি জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো বাস্তবায়ন করছে সরকার। শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে তারেক রহমানের সরকার কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) নাটোরের নলডাঙ্গা উপজেলার ২ নম্বর মাধনগর ইউনিয়নের মাধনগর বালিকা উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভবনটির নির্মাণব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা।
হুইপ দুলু বলেন, ‘বিএনপি ভোটের আগে শিক্ষা খাত ও স্বাস্থ্য খাত নিয়ে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, আপনারা জানেন, সেই প্রতিশ্রুতি আজ বিএনপি পালন করছে। তারেক রহমানের সরকার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘একটি দেশ ও জাতি পৃথিবীর মানচিত্রে উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে শিক্ষার প্রয়োজন। এ জন্য তারেক রহমান গত বাজেটে শিক্ষা খাতে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ করেছেন।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল, মাধনগর বালিকা উচ্চবিদ্যালয়ের সভাপতি ফেরদৌসী বেগম ও প্রধান শিক্ষক আফসার আলী। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপস্থিত ছিল।
