পাবনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি বিশেষ অভিযানে চারটি দেশীয় ওয়ান শুটারগান, একটি বিদেশি রিভলবার, ১০ রাউন্ড গুলি, দুটি কার্তুজ ও অস্ত্র বিক্রির নগদ ৩০ হাজার টাকাসহ চার অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ৩ টার সময় পাবনা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ রাকিবুল হাসান ইবনে রহমান । এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছেন ।
বুধবার রাত ৮টার দিকে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুর এলাকায় প্রথম অভিযান চালানো হয়। এ সময় দুটি দেশীয় ওয়ান শুটারগান, আট চেম্বারবিশিষ্ট একটি, ২২ বোরের বিদেশি রিভলবার, ১০ রাউন্ড তাজা গুলি এবং অস্ত্র বিক্রির নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চরঘোষপুর এলাকার মো. আলাল শেখ (৫২) ও আমিনপুরের ভাটিকয়া এলাকার মো. জনি কাজী (২৮)। আলাল শেখ পাবনা ইউনিয়ন যুবদলের সভাপতি বলে জানা গেছে ।
এরপর বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের রামনারায়ণপুর ও সুজানগর থানার নাজিরগঞ্জ বাজার এলাকায় দ্বিতীয় অভিযান চালানো হয়। এ সময় আরও দুটি দেশীয় ওয়ান শুটারগান ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় রামনারায়ণপুর এলাকার মো. জলিল মণ্ডল (২৮) ও ঢালারচর ইউনিয়নের মিরপুর এলাকার মো. বাবলু মণ্ডলকে (২৬) গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ রাকিবুল হাসান ইবনে রহমান বলেন , গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আগেও অস্ত্র মামলা রয়েছে। উভয় ঘটনায় তাঁদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এফ)/১৯-এ ধারায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তার এবং আরও আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কেএম
