জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী মুক্তিযোদ্ধা মানিক পশারীর লাশ ৪ ঘণ্টা পরে গোপনে গার্ড অব অনার দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। নিজ এলাকায় লাশ দাফনে বাধা দিচ্ছে জামায়াতের নেতারা। গতকাল শনিবার দুপুর ১২টায় মানিক পশারীর লাশ পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে এলে মানিক পশারীর লাশ গার্ড অব অনার দিতে এবং পিরোজপুরে কবর দিতে বাধা প্রদান করে জামায়াতের নেতারা। পরে বিকাল ৫টার দিকে পুলিশ লাইনসের ভেতরে গোপনে গার্ড অব অনার দেওয়া হয়। মানিক পশারী (৮৭) পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের ৪নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষী ছিলেন।
পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক জানান, মানিক পশারী একজন ভুয়া মুক্তিযোদ্ধা। তাকে কোনোভাবেই গার্ড অব অনার দিতে দেওয়া হবে না। পিরোজপুরের মাটিতে মানিক পশরীর লাশ দাফন করতে দেওয়া হবে না। এ নিয়ে জামায়াত শহরে বিক্ষোভ মিছিল করেছে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শরিফুল ইসলাম বলেন, মানিক পশারীকে গার্ড অব অনার দেওয়া হয়েছে।
