নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলামকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে চাঁচকৈড় বাজারপাড়া মহল্লায় এ হামলার ঘটনা ঘটে। আহত শাকিল ইসলাম পৌর সদরের কাছারিপাড়া মহল্লার রবিউল করিম মিস্ত্রির ছেলে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে আসা দুই যুবক শাকিলকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। তবে শাকিল দৌড়ে পালিয়ে যাওয়ায় গুলি তার শরীরে লাগেনি। পরে পাশের শাহিদা জলিল প্রাথমিক বিদ্যালয়ের দিকে পালানোর সময় হামলাকারীরা তাকে ধরে ফেলে। এরপর চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। হামলাকারীদের একজন হেলমেট ও অপরজন মাস্ক পরা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
গুরুতর আহত অবস্থায় শাকিলকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার হাতে শরীরের বিভিন্ন স্থানে কোপানোর কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক ডা. অহিদুজ্জামান রুবেল ও ডা.নওশীন আলম প্রজ্ঞা।
খবর পেয়ে আহত শাকিল ইসলামকে দেখতে হাসপাতালে যান স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ। তিনি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশকে নির্দেশ দেন।
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, ‘ঘটনার তদন্ত শুরু হয়েছে। অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।’
এমএইচ
-81b7eb.jpg&w=1440&q=75)