মাদক, অনলাইন জুয়া, ছিনতাই ও সন্ত্রাসের বিরুদ্ধে যুবসমাজের উদ্যোগে জামালপুরের সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) জুমার নামাজের পর উপজেলার কামরাবাদ ইউনিয়নের হেলেঞ্চাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় বিদ্যালয় মাঠ থেকে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাঘমারা সেতু এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সচেতন নাগরিক সমাজ, স্থানীয় মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
হেলেঞ্চাবাড়ী গ্রাম উন্নয়ন সংগঠনের সভাপতি আক্তারুজ্জামান তারার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন আব্দুর রাজ্জাক রিপন, উসমান গণি, আনোয়ার হোসেন, মো. বাবুল মিয়া, রুবেল মিয়া, ফজলুল হক, রাসেল মাহমুদ, সহকারী শিক্ষক আসাদুজ্জামান ও এনামুল হকসহ অনেকে। কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে হেলেঞ্চাবাড়ী গ্রাম উন্নয়ন সংগঠন।
বক্তারা বলেন, মাদক, জুয়া ও অপসংস্কৃতি দিন দিন সমাজকে গ্রাস করছে। হাতের নাগালেই পাওয়া যাচ্ছে জীবন ধ্বংসকারী মাদক। এটি শুধু একজন ব্যক্তির জীবন নয়, পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। মাদকের প্রভাবে সন্তানেরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং অপরাধপ্রবণতা বাড়ে।
তাঁরা আরও বলেন, “মাদক কোনো ফ্যাশন বা স্বস্তির উপায় নয়-এটি এক ধরনের চোরাবালি, যেখানে একবার পা দিলে ফিরে আসা কঠিন।” তরুণ সমাজকে এভাবে ধ্বংস হতে দেওয়া যায় না। কারণ, তারাই দেশের ভবিষ্যৎ ও মেরুদণ্ড।
মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ অঞ্চলে কেউ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলে কিংবা নতুন করে মাদক ব্যবসা শুরু করলে তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।
এমএ
