Published : 14 Oct 2026, 09:07 PM
Updated : 14 Oct 2026, 09:07 PM
আম্পায়ারের অনুমতি ছাড়া মাঠে প্রবেশ করা আফসার জাজাইকে তিরস্কার করেছে আইসিসি। আফগানিস্তানের এই ক্রিকেটারের শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
আবু ধাবিতে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে আচরণবিধির ২.৪ ধারা ভাঙেন আফসার। যেখানে আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের নির্দেশ অমান্য করার কথা বলা হয়েছে।
ড্র হওয়া ম্যাচটিতে আফগানদের একাদশে ছিলেন না আফসার। আচরণবিধি ভাঙেন তিনি দ্বাদশ খেলোয়াড়ের দায়িত্ব পালন করার সময়।
মাঠে প্রবেশ না করতে এবং সময় নষ্ট করা বন্ধ করতে তাকে একাধিকবার নির্দেশ দেন আম্পায়াররা। কিন্তু সেই নির্দেশ অমান্য করেন আফসার। এরপর ইনিংসের ১৩৯তম ওভারে অন-ফিল্ড আম্পায়ারদের অনুমতি ছাড়া আবারও মাঠে ঢুকে যান এই ক্রিকেটার।
নিজের অপরাধ স্বীকার করে নেন আফসার। ম্যাচ রেফারি ডেভ গিলবার্টের প্রস্তাবিত শাস্তিও মেনে নেন তিনি। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
আচরণবিধির প্রথম স্তরের অপরাধে ন্যূনতম শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার। সর্বোচ্চ শাস্তি হতে পারে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট।
৪৭৯ রানের লক্ষ্য দিয়ে, প্রায় দেড় দিন হাতে রেখেও ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ। সেদিকউল্লাহ আটালের ৩৩২ বল ও ৫১৪ মিনিট স্থায়ী ১১১ রানের ইনিংস, রেহমাত শাহর ফিফটি ও বাকিদের অবদানে ম্যাচ ড্র করে আফগানিস্তান।
