একসময় অভিনেতাদের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়ে ভীষণ আপত্তি জানিয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী শোভিতা ধূলিপালা। কোনো অভিনেতাকে কখনো প্রেমিক হিসেবে বেছে নেবেন না তিনি। অথচ সময়ের সঙ্গে বদলেছে সেই ধারণা। শেষ পর্যন্ত সেই তিনি আক্কিনেনি নাগার্জুন পরিবারে বাঁধা পড়েন। বিয়ে করে ফেলেন অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে। এখন সেই পুরোনো মন্তব্য নিয়ে অকপটে মুখ খুললেন অভিনেত্রী শোভিতা ধূলিপালা।
জানালেন জীবনের অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে মানুষের মতামতও বদলায়। আর নিজের সেই পরিবর্তনকে স্বাভাবিকভাবেই গ্রহণ করতে শিখেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পুরোনো বক্তব্য এবং ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন শোভিতা ধূলিপালা।
অভিনেত্রী বলেন, তিনি কোনো অভিনেতাকে ডেট করতে চান না। কিন্তু নাগা চৈতন্যকে বিয়ে করার পর তার সেই পুরোনো ধারণা আবারও আলোচনায় উঠে এসেছে। তিনি বলেন, সেই সময় তার ধারণার পেছনে কিছু প্রচলিত ধারণা বা স্টিরিওটাইপ কাজ করছিল।
শোভিতা ধূলিপালা বলেন, আমরা তো সময়ের সঙ্গে বদলাই, তাই না? আমার মনে হয়, সেই সময় আমি বিষয়টিকে একটি নির্দিষ্ট ধারণার মধ্য দিয়ে দেখছিলাম। হয়তো আশপাশে যা দেখেছিলাম, তার থেকেই এমন ধারণা তৈরি হয়েছিল।
তিনি আরও বলেন, ধারণা যে চিরকাল একই থাকবে— এমনটি নয়; বরং নিজের মতামত বদলানোর জায়গা থাকা উচিত। জীবনের বিভিন্ন পর্যায়ে ভিন্ন মতামত পোষণ করতেও তিনি স্বচ্ছন্দ। পরিস্থিতি ও অভিজ্ঞতার ভিত্তিতে নিজের দৃষ্টিভঙ্গি বদলাতে তার আপত্তি নেই।