চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে ভ্রমণের দায়ে সাতজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা থেকে আসা ৭০৪ ডাউন মহানগর প্রভাতী ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে পৌঁছালে তাদের ছাদ থেকে আটক করা হয়।
আরএনবি সূত্রে জানা গেছে, যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আরএনবি কমান্ড্যান্ট মো. মোরশেদ আলমের নির্দেশনায় সিআই আরএনবি মো. এয়াসিন উল্লাহর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
আটকের পর টিকিট চেকারের (টিসি) মাধ্যমে জরিমানাসহ মোট ১ হাজার ২০০ টাকার টিকিট আদায় করা হয়। পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
আরএনবি জানায়, আটক ব্যক্তিদের মধ্যে যাদের বৈধ টিকিট ছিল, তাদের মুচলেকা নিয়ে প্রথমবারের মতো সতর্ক করা হয়েছে। বৈধ টিকিট থাকা সত্ত্বেও তারা জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ করছিলেন।
এ বিষয়ে আরএনবি কমান্ড্যান্ট মো. মোরশেদ আলম বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ট্রেনের ছাদে ঝুঁকিপূর্ণ ভ্রমণ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএএস
