অনলাইন ডেস্ক
বাংলাদেশ জাতীয় দলে সাকিব আল হাসানকে ফেরানোর বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিবেচনাকে ইতিবাচক হিসেবে দেখছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর। তাঁর মতে, খেলাধুলার সিদ্ধান্তে রাজনীতির প্রভাব পড়লে তা দেশের ক্রীড়াঙ্গনের জন্য ক্ষতিকর হয়ে ওঠে।
মঙ্গলবার রাজধানীর উত্তরায় একটি লাইফস্টাইল ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মিশা সওদাগর এসব কথা বলেন। তিনি জানান, সাকিব আল হাসানকে আরও আগেই দলে ফেরানো যেত। কিন্তু নানা রাজনৈতিক জটিলতার কারণে বিষয়টি বিলম্বিত হয়েছে।
মিশা সওদাগরের ভাষায়, জাতীয় দলে খেলার সুযোগ পাওয়ার ক্ষেত্রে মেধা ও পারফরম্যান্সই একমাত্র বিবেচ্য হওয়া উচিত। তিনি বলেন, “যাদের দক্ষতা আছে, তারাই দলে জায়গা পাবে—এটাই হওয়া দরকার। ক্রিকেটকে রাজনীতির সঙ্গে মেশানো যায় না।”
অভিনয়ের পাশাপাশি বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্বে থাকা মিশা সওদাগর মনে করেন, সংস্কৃতি ও রাজনীতি একে অপরের সঙ্গে মিশে গেলে সংস্কৃতিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই খেলাধুলা ও সংস্কৃতিকে রাজনৈতিক প্রভাবের বাইরে রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ব্র্যান্ড প্রমোশন প্রসঙ্গেও নিজের অবস্থান তুলে ধরেন এই অভিনেতা। তিনি বলেন, অনেক প্রস্তাব এলেও সব ব্র্যান্ডের সঙ্গে তিনি যুক্ত হন না। সততা, বিশ্বাসযোগ্যতা ও মান বজায় রাখে—এমন ব্র্যান্ডের সঙ্গেই কাজ করতে আগ্রহী তিনি।
