স্মার্টফোন থেকে সিম কার্ড বের করতে হবে, অথচ সিম ইজেক্টর পিন খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে অনেকেই হাতের কাছে থাকা সুঁই, আলপিন বা অন্য কোনও ধারালো জিনিস ব্যবহার করেন। কিন্তু এই অভ্যাস আপনার সাধের ফোনটির ক্ষতি করতে পারে। সামান্য অসাবধানতায় সিম ট্রে খোলার ব্যবস্থা, ফোনের ভিতরের অংশ কিংবা জলরোধী সুরক্ষাব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সিম বের করার আগে কয়েকটি বিষয় জেনে রাখা জরুরি।
সুঁই বা আলপিন ব্যবহার করা কি নিরাপদ?
সাধারণত সিম ট্রে খোলার জন্য ফোনের সঙ্গে দেওয়া বিশেষ সিম ইজেক্টর পিন ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ। এই পিনটি নির্দিষ্ট ছিদ্রে প্রবেশ করিয়ে হালকা চাপ দিলেই সিম ট্রে বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে, সুঁই বা আলপিনের মাথা অতিরিক্ত সরু কিংবা ধারালো হওয়ায় ভুল ছিদ্রে ঢুকে গেলে ফোনের ভিতরের কোনও অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।
অনেক স্মার্টফোনে সিম ট্রের ছিদ্রের কাছাকাছি মাইক্রোফোনের ছিদ্র থাকে। ভুল করে সেখানে সুঁই ঢুকিয়ে চাপ দিলে মাইক্রোফোনের সুরক্ষাব্যবস্থা বা অভ্যন্তরীণ অংশের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। পাশাপাশি অতিরিক্ত জোরে চাপ দিলে সিম ট্রের ইজেকশন মেকানিজমও নষ্ট হতে পারে। ফলে পরে সিম বের করতে বা ট্রে লাগাতে সমস্যা দেখা দিতে পারে।
সিম ইজেক্টর পিন না পেলে কী করবেন?
প্রথমে ফোনের বাক্সে থাকা অতিরিক্ত সামগ্রীগুলি পরীক্ষা করুন। সেখানে সিম ইজেক্টর পিন থাকার কথা। সেটি না পেলে ফোনের মডেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি সিম ইজেক্টর টুল কিনে নিতে পারেন। অন্য কোনও সরঞ্জাম ব্যবহার করার আগে ফোনের নির্দেশিকা দেখে নেওয়াও ভালো।
