Published on
:
1 min read
বিজয়া দশমীর আনন্দের আবহেই দিনে-দুপুরে চুরি। কুলটির কল্যাণেশ্বরী মন্দিরের এক সেবাইতের বাড়ির জানলা ভেঙে টাকাপয়সা আর সোনাগয়না নিয়ে চম্পট দিল চোর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সবনপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঐতিহাসিক কল্যাণেশ্বরী মন্দিরের সেবাইত ধীরেন্দ্রনাথ দেওঘরিয়ার বাড়িতে বুধবার এই চুরির ঘটনা ঘটে। বিজয়া দশমীর দিন সকালে পরিবারের সকলে কল্যাণেশ্বরী মন্দিরে পুজোর কাজে ব্যস্ত ছিলেন। বাড়িতে সেই সময়ে কেউ ছিলেন না। ফাঁকা বাড়ির সুযোগ নিয়েই দুষ্কৃতীরা জানলার গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে। এর পরে ঘরের আলমারি ভেঙে নগদ টাকা, সোনার গয়না-সহ প্রচুর মূল্যবান জিনিস লুট করে চম্পট দেয় তারা। পুজোর কাজ শেষে সেবাইত ধীরেন্দ্রনাথ মন্দির থেকে বাড়িতে ফিরে দেখেন, ঘরের সব আসবাবপত্র ও জিনিসপত্র চারদিকে ছড়িয়েছিটিয়ে রয়েছে এবং অলঙ্কার ও নগদ টাকা উধাও।
বাড়িতে ফিরেই এমন দৃশ্য দেখে ধীরেন্দ্রনাথ চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশকে খবর দেন। খবর পাওয়া মাত্রই চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং এলাকা পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করে। উৎসবের দিনে দিনদুপুরে এই চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করা এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে এবং অপরাধীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
