গাজীপুরের টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনার চারদিন পর ফায়ার সার্ভিস স্বপ্রণোদিত হয়ে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কারখানা কর্তৃপক্ষ কোনো উদ্যোগ না নেয়ায় ফায়ার সার্ভিস এই কমিটি গঠন করে।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় টঙ্গী ফায়ার সাভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, কারখানা কর্তৃপক্ষ আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি। এ বিষয়ে তারা কোনো উদ্যোগও নেননি, কর্তৃপক্ষ কারখানার কার্যক্রম চালু করতে ব্যস্ত সময় পাড় করছেন। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সরকারকে আগুন লাগাসহ বিস্তারিত প্রতিবেদন আকারে জানাতে হয়। তাই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে রোববার পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন এন্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্ণেল মো. মাহমুদুল হাসান পিএসসিকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে তদন্ত কমিটি কবে কখন ঘটনাস্থল পরিদর্শনে আসবেন সে বিষয়ে তিনি নিশ্চিত করতে পারেননি। কমিটির বাকী সদস্যদেরও নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
