মাসব্যাপী এ প্রশিক্ষণে তাদের দক্ষতা উন্নয়ন, ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি, ব্যবসা পরিচালনা ও ব্যবস্থাপনা, আর্থিক পরিকল্পনা, বাজার ব্যবস্থাপনা এবং ব্যবসা সম্প্রসারণ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (এসআইসিআইপি) প্রকল্পের আওতায় বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে এনআরবিসি ব্যাংকের আয়োজনে প্রশিক্ষণ পেয়েছেন কিশোরগঞ্জের ২৬ জন উদ্যোক্তা। মাসব্যাপী এ প্রশিক্ষণে তাদের দক্ষতা উন্নয়ন, ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি, ব্যবসা পরিচালনা ও ব্যবস্থাপনা, আর্থিক পরিকল্পনা, বাজার ব্যবস্থাপনা এবং ব্যবসা সম্প্রসারণ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
গতকাল কিশোরগঞ্জের একটি হোটেলে প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ১৭ সেপ্টেম্বর শুরু হওয়া এ প্রশিক্ষণে অংশ নেন স্থানীয় ২৬ জন উদ্যোক্তা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকটির সিলেট জোনের প্রধান মো. আরিফুর রহমান, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও প্রশিক্ষণ প্রকল্পের উপপরিচালক আইয়ুব আলী এবং এনআরবিসি ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিলেশন ডিপার্টমেন্টের প্রধান মো. হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংকের কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক ও প্রশিক্ষণ সমন্বয়কারী এটিএম মাসুদুল হক।
অনুষ্ঠানে মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান বলেন, ‘নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং তাদের সফলভাবে গড়ে তোলার জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। স্থানীয় পর্যায়ে ব্যাপক হারে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার ও বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এনআরবিসি ব্যাংক এ কর্মসূচি বাস্তবায়ন করছে।
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক আইয়ুব আলী বলেন, ‘আমরা বিশ্বাস করি, মাসব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা সফলভাবে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবেন। শুধু প্রশিক্ষণ নয়, উদ্যোগ বাস্তবায়নে পুনঃঅর্থায়ন তহবিলের মাধ্যমে সহজ শর্তে স্বল্প সুদে ঋণ প্রদানের ব্যবস্থা করেছে বাংলাদেশ ব্যাংক।
