“দলের দুঃসময়ে তিনি সাহস, নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন।”
Published : 14 Oct 2026, 12:07 AM
Updated : 14 Oct 2026, 12:07 AM
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার রাতে এক শোকবার্তায় বিএনপি চেয়ারম্যান বলেন, “সালাহউদ্দিন আহমেদ বিএনপির আন্দোলন-সংগ্রামের একজন লড়াকু সৈনিক ও অকুতোভয় নেতা ছিলেন।
“দলের দুঃসময়ে তিনি সাহস, নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন।”
এদিন রাত ৮টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সালাহউদ্দিন আহমেদ শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।
১৯৯১ ও ২০০১ সালে ঢাকা-৪ থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সালাহউদ্দিন আহমেদ ছিলেন বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক। ফুসফুসের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন তিনি।
শোকবার্তায় দলের চেয়ারম্যান বলেন, সালাহউদ্দিন আহমেদ তার রাজনৈতিক জীবন ও দলীয় কর্মকাণ্ড বিএনপির নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
“বিএনপির এই ত্যাগী নেতার মৃত্যুতে দল একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারাল, যা দলের জন্য অপূরণীয় ক্ষতি।”
প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
তিনি বলেন, “শোক সন্তপ্ত পরিবারের সদস্যরা এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে আমি প্রার্থনা করেছি।”
